২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাকেজে বস্ত্র খাতে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে: অর্থমন্ত্রী

বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে বস্ত্র খাতে নগদ আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে সরকারের প্রণোদনা প্যাকেজ সম্পর্কে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর প্রতিক্রিয়া সম্পর্কে তার মনোভাব জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজে বস্ত্র খাতে নগদ আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে সরকারের প্রণোদনা প্যাকেজ সম্পর্কে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর প্রতিক্রিয়া সম্পর্কে তার মনোভাব জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। মুহিত এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। প্যাকেজ ঘোষণার পর ব্যবসায়ী মহলের প্রতিক্রিয়ায় মোটের ওপর ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "মন্দা মোকাবিলায় প্যাকেজ ঘোষণার পর ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া পাওয়া গেছে। এফবিসিসিআই সভাপতির প্রতিক্রিয়া আমার ভাল লেগেছে। তিনি বলেছেন- প্যাকেজে সবার সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। আমার প্যাকেজে হয়তো সবার প্রত্যাশা পূরণ হয়নি। তবে সবার জন্য দরজা বন্ধ হয়ে যায়নি (দি ডোর ইজ নট ক্লোজড)। যারা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।" বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় রোববার সরকার তিন হাজার চারশ' ২৪ কোটি টাকার রাজস্ব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাকি সময়ের (৩০ জুন পর্যন্ত) জন্য আশুকরণীয় রাজস্ব প্রণোদনা প্যাকেজের মধ্যে রয়েছে পাটজাত পণ্যের রপ্তানি সহায়তার হার বর্তমানের ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি সহায়তার হার বর্তমানের ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ দশমিক ৫ শতাংশ এবং হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তার হার বর্তমানের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ করা। এছাড়া রপ্তানিমুখী দেশীয় বস্ত্র, কৃষি পণ্য (শাক-সবজি-ফলমূল) এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আলু, বাই-সাইকেলসহ অন্যান্য খাতে যে হারে নগদ সহায়তা দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। প্যাকেজে চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না। বর্তমানে বস্ত্র খাতে ৫ শতাংশ নগদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বস্ত্র খাতে সহায়তা দেওয়ার বিষয়টি তিনি 'ভুলে গিয়েছিলেন' বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, "সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের সহায়তার বিষয়টি বাদ পড়ে গেছে।" বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান মন্ত্রী। চলতি প্যাকেজে, না কি আগামী অর্থবছরের বাজেটের মাধ্যমে বস্ত্র খাতে এ সহায়তা দেওয়া হবে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "এ বিষয়ে ওয়ার্কিং গ্র"প বসে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" তৈরি পোশাক খাতে সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে কিনা- জানতে চাইলে তিনি এ খাতটি এখনো ভালো অবস্থায় আছে মন্তব্য করে আগামীতে তা বিবেচনার কথা বলেন। মুহিত বলেন, "আমি রোববার প্যাকেজ ঘোষণার সময়ও বলেছি, তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি এখনো বাড়ছে। যদি তাদের রপ্তানি প্রবৃদ্ধি কমে যায়, তবে আগামী অর্থবছর বাজেটের মাধ্যমে তাদের সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।" অর্থমন্ত্রী বলেন, "এটা (প্যাকেজ) একটা চলমান প্রক্রিয়া। মন্দায় যেসব খাত ক্ষতিগ্রস্ত হবে সেসব খাতকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করব।" বৈঠকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের নেতৃত্ব দেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বৈঠক শেষে সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, "দেশের ফুটবল উন্নয়নের জন্য প্রশিক্ষণ খাতে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের জন্য আমরা অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। তিনি এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।" জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতির পদ থেকে সেনাপ্রধানের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এমএসবি/১৮০৪ ঘ.