ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বমন্দা মোকাবেলায় আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা। আর এ জন্য বাজেটে কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ার সুপারিশ করেন তারা।
রোববার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে প্রাক-বাজেট আলোচনায় তারা এ সব সুপারিশ পেশ করেন।
সেইসঙ্গে মন্দার ক্ষতি পুষিয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্সের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার আলাদা বিনিময় হার নির্ধারণের প্রস্তাব করা হয়।
এছাড়া স্থায়ী কমিটির সদস্যরা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে নতুন বাজেট প্রণয়নের জন্য অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ আলোচনায় জাতীয় সংসদের ৩০টি স্থায়ী কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "প্রথমবারের মতো স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হচ্ছে। এর আগে কখনোই এ ধরনের বৈঠক হয়নি। বৈঠকে স্থায়ী কমিটির সভাপতিরা নতুনবাজেটকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছেন।
"তাদের প্রায় সবাই বিশ্বমন্দার কথা উল্লেখ করে বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন। তারা বলেছেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি প্রবৃদ্ধি) কৃষি খাত গুরুতপূর্ণ অবদান রেখে চলেছে। তাই কাঙ্খিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য তারা এই খাতকে বেশি গুরুত্ব দিতে বলেছেন।"
মুহিত জানান, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। বাজারে যাতে ধান ও গমের দাম একেবারে পড়ে না যায় সেজন্য তারা সরকারকে একটি গ্রহণযোগ্য দামে পর্যাপ্ত ধান, চাল ও গম সংগ্রহের (কেনা) কথা বলেছেন। তারা কৃষি খাতে ভর্তুকি বাড়ানোরও পরামর্শ দেন।
এব্যাপারে অর্থমন্ত্রী বলেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সেজন্য সরকার অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত করতে সরকার ব্যাপক পরিসরে ধান, চাল ও গম সংগ্রহ করবে। ইতিমধ্যে গমের দাম নির্ধারণ করে সরকার গম সংগ্রহ অভিযান শুরু করেছে। কৃষকদের স্বার্থের কথা বিবেচনায় রেখে দাম নির্ধারণ করে ধান ও চাল সংগ্রহ করা হবে।
এছাড়া স্থায়ী কমিটির সভাপতিরা বিদ্যুৎ সঙ্কট নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার প্রস্তাব করেন বলে জানান অর্থমন্ত্রী।
তাদের এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আগামী বাজেটে অবশ্যই কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। কৃষি খাতে ভর্তুকির পরিমাণ অবশ্যই বাড়ানো হবে। এ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের কাজ চলছে।"
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আওয়ামীলীগ সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নেমে এসেছে। এটা ধরে রাখতে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পায় তা নিশ্চিত করার প্রস্তাব করেছি।
"সরকারের 'দিন বদলের কর্মসূচি' যাতে সফলতার সঙ্গে বাস্তবায়িত হয় তা সক্রিয় বিবেচনায় রেখে অর্থমন্ত্রীকে বাজেট তৈরি করতে বলেছি।"
আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "বিশ্বমন্দার পেক্ষাপটে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে বাজেটে কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের সামনে এছাড়া আর কোনো বিকল্প নেই।"
তিনি বলেন, শুধু নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করলেই চলবে না। অবকাঠামো ঠিক করতে হবে। আর এ জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "বিশ্বমন্দার ক্ষতি পুষিয়ে নিতে সরকার যে সহায়তা প্যাকেজ দেবে, তা যেন মালিক-শ্রমিক-কর্মচারিসহ দেশের সাধারণ মানুষও পায় সে বিষয়টি নিশ্চিত করতে আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি।"
তিনি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ক্ষেত্রে আলাদা বিনিময় হার নির্ধারণের সুপারিশ করেন বলে জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বমন্দার পেক্ষাপটে প্রবাসী শ্রমিকরা দেশে যে রেমিটেন্স (ডলার) পাঠায় সেই ডলারের বিনিময় হার বিদ্যমান হারের চেয়ে এক/দেড় টাকা বেশি নির্ধারণ করা হলে রেমিটেন্সভোগীরা উপকৃত হবেন।
কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, "বর্তমান বিশ্ব পেক্ষাপটে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে হবে। এ জন্য কৃষকদের ব্যাপক উৎসাহ দিতে হবে, নানা ধরনের ইনসেনটিভ দিতে হবে। কৃষক যাতে তার পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিত করতে হবে।"
গুদাম সঙ্কটের কারণে সরকারের ধান-চাল কিনতে সমস্যা হলে বিকল্প হিসেবে কৃষকের গোলাকেই গুদাম হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাজার দর অনুযায়ী কৃষককে ধানের অগ্রিম টাকা দিয়ে দেবে। কৃষক ওই ধান তার গোলায় রাখবে, গুদাম খালি হলে সরকার কৃষকের কাছ থেকে ওই ধান নিয়ে গুদামে রাখবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আনিসুল ইসলাম মাহমুদও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ক্ষেত্রে আলাদা বিনিময় হার নির্ধারণের প্রস্তাব করেন বলে সাংবাদিকদের জানান।
কৃষক যাতে তার উৎপাদিত ধানের প্রকৃত দাম পায় সেজন্য চালের দাম কেজি প্রতি ২৫ টাকা হওয়া উচিত বলে অভিমত দেন তিনি।
রেমিটেন্সের ক্ষেত্রে আলাদা বিনিময় হার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "একই দেশে ডলারের দুই ধরনের বিনিময় হার নির্ধারণ করা খুবই কঠিন। তবে প্রবাসীদের কীভাবে সহায়তা করা যায় সে বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।"
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি জানান, বৈঠকে স্থায়ী কমিটির সভাপতিরা আগামী বাজেটে কৃষি খাতের পাশাপাশি গ্যাস ও বিদুৎ সঙ্কট সমাধানে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
এ প্রাক-বাজেট আলোচনায় কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৪৫ঘ.
bdnews24