ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি চামড়াজাত পণ্য প্রস্তুত কারখানা স্থাপন করতে যাচ্ছে হংকং-তাইওয়ানের একটি প্রতিষ্ঠান। এতে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে।
এর ফলে ৫৭ জন বিদেশিসহ প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশীর কর্মসংস্থান হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, 'মেসার্স বাংলাদেশ পু হাং ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড' নামের প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরণের চামড়াজাত পণ্য উৎপাদন ও রপ্তানি করবে।
এতে বলা হয়, এ ব্যাপারে বেপজা ও বাংলাদেশ পু হাং ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/এসকে/২১২০ঘ.
bdnews24