২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম তদন্ত করবে সরকার: খাদ্যমন্ত্রী

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় একশ দিনের কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 06:59 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় একশ দিনের কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুস সালামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ কথা জানান। তিনি বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একশ দিনের কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়নে কোন অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।" বিএনপি'র জাফরুল ইসলাম চৌধুরী ও আওয়ামী লীগ সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক জানান,চলতি অর্থবছরে তের লাখ মেট্রিক টন গম ও চাল আমদানি করবে সরকার। এর মধ্যে আট লাখ মেট্রিক টন গম এবং পাঁচ লাখ মেট্রিক টন চাল । তিনি বলেন, "চলতি ২০০৮-০৯ অর্থবছরে আট লাখ মেট্রিক টন গম ও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। সেইসঙ্গে অভ্যন্তরীণভাবে ১৫ লাখ মে.টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।" বিএনপি'র সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আরেক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, "বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় দেশে ১২ লাখ ৬৭ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। সুতরাং দুর্যোগ হলেও দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে না।" এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক জানান, চলতি অর্থবছরে দেশে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪৩ দশমিক ৩২ লাখ মেট্রিক টন। জামায়াতের সাংসদ এএইচএম হামিদুর রহমান আজাদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চাল ২ লাখ ৭৫ হাজার ৫০০ মেট্রিক টন এবং গম ১ লাখ মেট্রিক টন । আব্দুর রাজ্জাক আরো বলেন, সারা দেশে দুঃস্থ মানুষের জন্য ভিজিএফ কার্ডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের । বিডিনিউজ ২৪ ডটকম /এমএ/কেআরসি/এইচএ/২১০৯ঘ.