ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) কম থাকায় দেশে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "দেশে বিদেশি বিনিয়োগ কম থাকায় একদিক দিয়ে ভালোই হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশে এফডিআই বেশি থাকলে বিপদ হতো।"
তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফডিআই-এর প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মন্তব্য করেন ।
"আমাদের মতো দেশে এফডিআই পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে" বলেন আবুল মাল আবদুল মুহিত ।
অর্থমন্ত্রী জানান, এফডিআইয়ের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। বিনিয়োগ বোর্ডের তথ্যের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের গড়মিল দেখা যায়। এ কারণে এখন থেকে যাতে একই তথ্য পাওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিনিয়োগ বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে আলাপ করে এখন থেকে এফডিআই সংক্রান্ত একই তথ্য সরবরাহ করবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১০৬ঘ.
bdnews24