ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদানের কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান দাম আরো নামিয়ে আনার জন্য ব্যবসায়ীদের সার্বিক সহায়তা কামনা করেছেন।
মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় তিনি বলেন, বাজারের ভেতরের একটি চক্রের কারসাজিতে পণ্যের দাম বেশি কমছে না। এ অবস্থার অবসান ঘটাতে হবে যাতে মানুষ কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারে। এজন্য সর্বস্তরের ব্যবসায়ীদের সহায়তা প্রয়োজন।
মন্ত্রী এদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকা মহানগর মাছ ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আহমেদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন সিকদার উপস্থিত ছিলেন।
সভায় সমিতির পক্ষ থেকে কাঁচাবাজারগুলোর জন্য পৃথক পার্কিং, ওজনে কম দেওয়া বন্ধে পাথর পরীক্ষা, আড়ৎগুলোকে 'কয়েলীর' মাধ্যমে চাঁদাবাজি বন্ধ, ফড়িয়াদের মাধ্যমে পণ্য বিক্রি বন্ধ, বাজারগুলোর পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার এবং অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ বন্ধে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
মন্ত্রী সমিতি নেতাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন। তিনি বলেন, সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে কিছু সমস্যা সমাধানে নির্বাচিত সমিতির নেতৃত্বকেই দায়িত্ব নিতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ কাঁচাবাজার উচ্ছেদে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
ঢাকা মহানগরীতে আরো নতুন বাজার নির্মাণের আশ্বাস দিয়ে ফারুক খান বলেন, "বিক্রেতাদের শুধু লাভ করলে চলবে না, সাধারণ মানুষের দিকেও খেয়াল রাখতে হবে। সাধারণ ব্যবসায়ীদের সহায়তার কারণে এরই মধ্যে অনেক পণ্যের দাম কমেছে। এসব পণ্যের দাম সাধারণ মানুসের সহনীয় পর্যায়ে রাখার জন্য আরো সহায়তা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২০৪০ঘ.
bdnews24