ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট-বড় সব গ্রাহককে সমান সেবা দেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার সকালে রাজধানীর পূর্বানী হোটেলে সরকারি মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০০৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ আহ্বান জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "আমাদের ব্যাংকিং খাতের অন্যতম সমস্যা হচ্ছে- ব্যাংকগুলো বড় বড় ব্যবসায়ী ও বিজনেস হাউজকে সেবা প্রদানের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। ছোট-ছোট গ্রাহকদের দিকে তারা খুব বেশি নজর দেয় না। কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়। ছোট-বড় সব গ্রাহককে সমান সেবা দিতে হবে।"
সোনালী ব্যাংকে আমানতের পরিমাণ দিন দিন কমে আসছে উল্লেখ করে গভর্নর বলেন, "বেসরকারি ব্যাংকগুলো আমানত সংগ্রহের ব্যাপারে যতোটা মনোযোগী সরকারি ব্যাংকগুলো ততোটাই উদাসীন।"
উদাহরণ দিয়ে তিনি বলেন, "বেসরকারি কোনো ব্যাংকে একজন আমানতকারী তার সঞ্চয়ী হিসাব খুলতে গেলে খুব আগ্রহের সাথে সঙ্গে সঙ্গে তা করে দেওয়া হয়। অথচ সরকারি মালিকানাধীন কোনো ব্যাংকে গেলে আজ নয় কাল, কাল নয় পরশু-এভাবে আমানতকারীকে অযথা ঘোরানো হয়।
"এসব ঝামেলার কারণে আমানতকারীরা সরকারি ব্যাংকগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। আজকাল মানুষ সময় ব্যয় করতে চায় না। এ বিষয়টি বিবেচনায় রেখে আমানতকারীদের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে গ্রাহক সেবার মান উন্নত করতে হবে," বলেন গভর্নর।
তিনি বলেন, "বেসরকারি ব্যাংকগুলো নতুন নতুন উদ্যোগ নিয়ে ব্যাংকিং সেবায় এগিয়ে আসছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সরকারি ব্যাংকগুলোকেও তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।"
কৃষি ও শিল্প খাতে ঋণপ্রবাহ বাড়ানোর তাগিদ দিয়ে গভর্নর বলেন, "আমাদের ব্যাংকগুলো বাণিজ্য খাতে বেশি ঋণ দিয়ে থাকে। কিন্তু এতে কতিপয় ব্যবসায়ী লাভবান হলেও দেশের অর্থনীতিতে খুব বেশি ইতিবাচক প্রভাব পড়ে না। কৃষি ও শিল্প খাতে ঋণ বাড়লে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, জিডিপি প্রবৃদ্ধি (মোট দেশজ উৎপাদন) বাড়ে।"
প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশে আনার ক্ষেত্রে সোনালী ব্যাংককে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, "এতোদিন সবচেয়ে বেশি রেমিটেন্স আসতো সোনালী ব্যাংকের মাধ্যমে। কিন্তু কিছুদিন ধরে রেমিটেন্স আনার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চলে গেছে ব্যাংকটি।"
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ব্যাংকিং খাতকে। কিন্তু আমাদের ব্যাংকিং খাতে এখনও এর কোনো প্রভাব পড়েনি। তবে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।"
বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে সরকারি ব্যাংকগুলোকেও পুরোপুরি 'কম্পিউটারাইজেশন' এর আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন অর্থ সচিব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরীও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৪২৫ ঘ.
bdnews24