২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের রাজস্ব আয় ১৩ শতাংশ বেড়েছে

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের রাজস্ব আয় ২০০৭ সালের তুলনায় ২০০৮ সালে শতকরা ১৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে গ্রাহক বৃদ্ধির হার কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের রাজস্ব আয় ২০০৭ সালের তুলনায় ২০০৮ সালে শতকরা ১৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে গ্রাহক বৃদ্ধির হার কমেছে। ২০০৮ এর শেষে কোম্পানির গ্রাহক সংখ্যা ছিল ২ দশমিক ১ কোটি, যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকের শতকরা ৪৭ ভাগ। ২০০৮ সালে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বেড়েছে ৪৫ লাখ। বুধবার গ্রামীণফোনের এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। এতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল বলেন,"আমাদের প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও, উচ্চ সিম ট্যাক্সের কারণে গ্রাহক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি বলেন, "তবে আমরা বাজারে নিজেদের অবস্থান সংহত করেছি এবং ইতিবাচক ফলাফল নিয়ে বছর শেষ করেছি।" সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের শেষ তিন মাসে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যার সঙ্গে নতুন গ্রাহক যোগ হয়েছে ১৬৪,০০০ জন। অথচ জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরে গ্রাহক বেড়েছিল ৫২১,০০০ জন। প্রধানত গ্রাহকদের বর্ধিত টেলিফোন ব্যবহার, ইন্টারন্যাশনাল গেটাওয়ে থেকে প্রাপ্ত রাজস্ব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিঃ এর কাছ থেকে পাওয়া ইন্টারকানেক্ট রাজস্বের কারণে ২০০৭ সালের তুলনায় ২০০৮ সালে মোট রাজস্ব শতকরা ১৩ ভাগ বৃদ্ধি পেয়েছে। উচ্চ রাজস্বের কারণে ২০০৮ সালে "প্রফিট মার্জিন" বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৪৬.৪ ভাগে। আগের বছর এই অংক ছিল শতকরা ৪৫.৯ ভাগ। গ্রামীণফোনের ২০০৮ সালে মোট রাজস্ব আয় ছিল ৬১০০ কোটি টাকা। তবে নিট মুনাফা অর্জিত হয় ৩২০ কোটি টাকা। এ বছর প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে ২৭০০ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত গ্রামীণফোনের মোট বিনিয়োগের পরিমান দাঁড়িয়েছে ১৪,০০০ কোটি টাকা। গ্রামীণফোন ২০০৮ এ প্রত্যক্ষ কর, ভ্যাট, শুল্ক এবং বিটিআরসি এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে মোট ৩,১৭২ কোটি টাকা দিয়েছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিঃ এর সঙ্গে বানিজ্যিক চুক্তির মাধ্যমে ৩৩৫ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গ্রামীণফোন ২০০৮ এর ১১ ডিসেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আইপিও করার আবেদন পেশ করে এবং ২৮ জানুয়ারি এসইসি এর বিভিন্ন প্রশ্নের জবাবসহ চুড়ান্ত প্রসপেক্টাস জমা দিয়েছে। সংবাদ সম্মেলনে চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা আরিফ আল ইসলাম ও চিফ কমিউনিকেশন অফিসার রুবাবা দৌলা মতিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২২৪৮ঘ.