ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ খাতের প্রতি 'বেশি করে ঝোঁকার' পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমদ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই খাতের প্রতি আরও নমনীয় ও উদ্ভাবনী হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, "বাগাড়ম্বর পরিহার করে এসএমই খাত উন্নয়নে অনুকূল নীতি তৈরির এখনই সেরা সময়।"
বুধবার রাজধানীর একটি হোটেলে এসএমই ফাইন্যান্সিং মেলায় 'অ্যাকসেস টু এসএমই ফাইন্যান্সিং: রিফর্মস ইন পলিসি অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক" শীর্ষক কর্মশালার মূল প্রবন্ধে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর।
এসএমই খাতের জন্য একটি নীতি প্রণয়নের পরামর্শ দিয়ে সালেহ উদ্দিন আহমদ আরও বলেন, "এসএমই'-র উন্নয়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর, কর ব্যবস্থা সহজ, অর্থ প্রবাহ বাড়ানো এবং রেগুলেটরি বাধা দূর করতে নীতি নির্ধারকদের উদ্যোগী হতে হবে।"
গত তিন দশকের শিল্পনীতিতে এসএমই খাত গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেন তিনি।
এসএমই'র উন্নয়নে সরকারের পক্ষ থেকেও অর্থায়নের পরামর্শ দেন সাবেক এ গভর্নর।
কর্মশালায় প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, "নির্বাচনী ইশতেহারে আমরা প্রতিটি পরিবারে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছি। সেটা করতে হলে এসএমই'র উন্নয়নের মাধ্যমেই করতে হবে।"
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এসএমই খাতের জন্য একটি সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণের দাবি জানিয়ে বলেন, "উন্নত ও উন্নয়নশীল অনেক দেশে জিডিপির প্রায় ৭০ শতাংশ আসে এসএমই থেকে। কিন্তু আমাদের জিডিপিতে এসএমই'র অবদান ২৫ শতাংশের বেশি নয়। দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হলে এসএমই'র উন্নয়ন ঘটাতে হবে।"
মঙ্গলবার এসএমই মেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসএমই'র উন্নয়নে এ খাতের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দেওয়ার কথা বলেছেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং এসএমই ফাউন্ডেশন দু'দিনের 'এসএমই ফাইন্যান্সিং ফেয়ার' আয়োজন করেছে। এতে ২৬ টি ব্যাংক অংশ নিয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এ মেলা থেকে ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন বলে আয়োজকরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এসকে/
bdnews24