২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া শিল্প চাঙা হওয়ার আশায় ব্যবসায়ীরা

ঈদুল আজহা উপলক্ষে দেশের চামড়া শিল্প আবার চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোহান জিয়াদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2009, 05:52 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

প্রতি বছর বাংলাদেশ প্রায় ২২ কোটি বর্গফুট চামড়া উৎপাদন করে যার অর্ধেকই আসে ঈদুল আজহার সময় কুরবানি করা পশু থেকে।

গত বছর ঈদুল আজহার সময়ই বৈশ্বিক মন্দা শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা কমে যাওয়ায় দেশের চামড়া শিল্পকে বেশ কঠিন সময় পার করতে হয়েছে।

তবে শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীরা মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলের দুই ঈদের তুলনায় এ বছর ঈদে চামড়ার সরবরাহ বাড়বে।

বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলজিএফইএ) চেয়ারম্যান রেজাউল করিম আনসারী মনে করেন, গত দুই বছর রাজনৈতিক নেতারা খুব কঠিন সময় পার করছিলেন বলে অথবা জনসংযোগ খুব বেশি জরুরি ছিলো না বলে কুরবানি দেননি।

তাছাড়া ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে প্রচুর গবাদি পশু মরে যাওয়া এবং ঝড় পরবর্তী আর্থিক অনটনে কুরবানি কম হওয়ায় চামড়ার সরবরাহ কম ছিলো, বলেন তিনি।

কিন্তু এই শিল্প বৈশ্বিক মন্দার কারণে আন্তর্জাতিক বাজার দর কমে যাওয়ায় গত বছর থেকে বেশি ভুগেছে অন্যান্য শিল্পের মতোই।

গত এক বছরে আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত চামড়ার মূল্য কমেছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ যা স্থানীয় ট্যানারি মালিকদের বিশাল অঙ্কের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী, গত অর্থবছরের প্রথম তিন মাসে ৪৫৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের চামড়া রপ্তানি হয়েছিলো, যা অর্থ বছরের শেষ তিন মাসে ২৪ শতাংশ কমে যায়। একই সময় ফুটওয়্যার রপ্তানি ২ দশমিক ৯৫ শতাংশ কমে ৫ কোটি ৬২ লাখ ২০ হাজার মার্কিন ডলারে দাঁড়ায়।