২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই উন্নয়নে ঋণ দিন: গভর্নর

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উন্নয়নে ঋণ সুবিধা দিয়ে সহায়তার জন্য দেশের ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উন্নয়নে ঋণ সুবিধা দিয়ে সহায়তার জন্য দেশের ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান। ব্যাংকগুলোর উদ্দেশে তিনি বলেন, "আপনারা এসএমই খাতে এগিয়ে আসুন। আমরা এ খাতের উন্নয়ন করতে চাই।" মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে 'গ্লোবাল ফাইন্যানশিয়াল মেল্টডাউন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স' শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গর্র্ভনর ব্যাংক কর্মকর্তাদের বগুড়ার হালকা শিল্প প্রকৌশল, টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি উপকরণ ও পিরোজপুরের পেয়ারা উৎপাদনের মতো বিষয়ের উল্লেখ করে এ ধরণের প্রকল্পে অর্থায়ন বাড়ানোর কথা বিবেচনা করতে বলেন। ভোক্তা ঋণ থেকে উৎপাদনশীল খাতে ঋণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান আতিউর। এছাড়া দেশের ভেতরে চাহিদা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় বাজার বড় করার ওপর জোর দেন। গভর্নর উল্লেখ করেন ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য রয়েছে ৩৫ হাজার কোটি টাকারও বেশি। রেকর্ড অঙ্কের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রসঙ্গে তিনি বলেন, "রিজার্ভ নিয়ে অনেকে সংবাদপত্র চিন্তা করছে। তবে আমরা এ নিয়ে চিন্তা করছি না। প্রয়োজন হলে রিজার্ভকে সহায়ক শক্তি হিসেবে কাজে লাগাবো আমরা। রপ্তানিকারকরা সমস্যায় পড়লে তাদের সহায়তা করবো।" গভর্নর জানান, গত বছরের নভেম্বরের তুলনায় এবারের নভেম্বরের প্রথম সপ্তাহে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার হার ৫৭ শতাংশ বেড়েছে এবং ভ্রমণসহ অন্যান্য কারণে বিদেশে ডলার নিয়ে যাওয়ার কোটা আরো বাড়ানো হচ্ছে। সেমিনারের মূল প্রবন্ধে বিআইবিএম অধ্যাপক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, গত দুবছরের তুলনায় বাংলাদেশে ট্রেড ফাইন্যান্সিং (রপ্তানি ও আমদানি অর্থায়ন) বেড়েছে। তবে সামনের মাসগুলোতে পোশাক রপ্তানি চাপের মুখে পড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১২৫ঘ.