আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগে স্থবিরতা কাটছে না। দেশি-বিদেশি দু' ধরনের বিনিয়োগের ক্ষেত্রেই নাজুক অবস্থা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি, অবৈধ স্থাপনা, কর ফাঁকিসহ নানা ধরনের অভিযানের কারণে বিনিয়োগের ক্ষেত্রে নেমে আসা স্থবিরতা এখনও বিরাজ করছে। ব্যবসায়ী-শিল্পপতিদের মধ্যেও এখনও পুরোপুরি আস্থা ফিরে আসেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর এ কারণেই ব্যাংকগুলোতে প্রায় ৩৮ হাজার কোটি টাকা অলস অর্থ (অতিরিক্ত তারল্য) পড়ে আছে। বিনিয়োগ হচ্ছে না। এই বিশাল অংকের অলস অর্থ বিনিয়াগে নিয়ে আসাই এখন দেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদরা।
মাস খানেক আগে জাতীয় সংসদে দেওয়া এক বক্তৃতায় এ চ্যালেঞ্জের কথা অকপটে স্বীকার করেন অর্থমন্ত্রী। গভর্নরও ওই সময় এক সংবাদ সম্মেলনে একই ধরনের মন্তব্য করেন।
তবে তারা দুজনই বলছেন, গত দুই বছরেরও বেশি সময় ধরে দেশে বিনিয়োগের ক্ষেত্রে চলা স্থবিরতা কেটে যেতে শুরু করেছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খানও তেমনটি মনে করছেন।
তবে দেশের ব্যবসায়ী-শিল্পপতি ও অর্থনীতিবিদরা ভিন্নমত পোষণ করে তারা বলেছেন, এ কথা ঠিক যে ব্যবসায়ীদের মধ্যে যে ভয়-ভীতি, আতঙ্ক ছিল, তা নতুন সরকার আসায় ধীরে ধীরে কেটে যচ্ছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা এখনও বিরাজ করছে।
গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতের অন্যান্য সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কাটবে না বলে মনে করেন তারা।
সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্যাস-বিদ্যুৎ সঙ্কট বড় কথা নয়, বর্তমানে বিনিয়োগের সব চেয়ে বড় বাধা হচ্ছে নিরাপত্তাহীনতা।
"টেন্ডারবাজি, চাঁদাবাজি ইত্যাদি বেড়ে যাওয়ার কারণে দেশের শিল্প বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে।"
ব্যবসা-বাণিজ্যের বর্তমান স্থবির অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "ইতিমধ্যে আমদানি-রপ্তানিতে ধস নেমেছে।"
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত দুটি কারণে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কাটতে সময় লাগছে। এর একটি হচ্ছে নতুন সরকার। সবাই পরিস্থিতি দেখতে চায়, অপেক্ষা করছে। আর আরেকটি হচ্ছে বিশ্ব অর্থনীতির চলমান মহামন্দা।"
বিশ্ব বিনিয়োগও কমে গেছে জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, এ কারণেই এখন অভ্যন্তরীণ (দেশি) বিনিয়োগের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে।
তার মতে, দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না।
অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ব্যাংক সমস্যা (ব্যাংক ঋণের উচ্চ সুদ) আছে। আছে আমলাতান্ত্রিক জটিলতা। এ সমস্যা নতুন নয়। আমরা এই দুটি সমস্যা সমাধানে ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি। এ ছাড়া গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসনের জন্যও নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আগামী কিছু দিনের মধ্যেই বিনিয়োগের এই স্থবিরতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন মুহিত।
তিনি জানান, সেপ্টেম্বর মাসে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি বেড়েছে। এটা বিনিয়োগের ক্ষেত্রে একটি গুড নিউজ।
এতেই প্রমাণিত হয়, বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কেটে যেতে শুরু করেছে, দাবি করেন অর্থমন্ত্রী।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে বিনিয়োগের চাকা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কৃষিখাতের পাশাপাশি শিল্প ও সেবাখাতেও ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।"
শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও বড় বড় সিন্ডিকেশন ঋণ বাড়ছে জানিয়ে তিনি দাবি করেন, "বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।"
এদিকে বছরের শেষ দিকে বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতা কাটতে শুরু করবে বলে আভাস দেওয়া হয়েছে গত ৫ নভেম্বর ঢাকায় প্রকাশিত এক জরিপের ফলাফলে।
বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ ফান্ড (বিআইসিএফ) ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি-বাংলাদেশ) পরিচালিত এ জরিপে বলা হয়েছে, বছরের প্রথম দুই প্রান্তিকের মতো তৃতীয় প্রান্তিকেও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে স্থবিরতা ছিল।
এতে ব্যবসায়ীদের উদ্বৃত করে বলা হয়, চতুর্থ প্রান্তিকে এক-তৃতীয়াংশ প্রবৃদ্ধি ঘটবে। এছাড়া ব্যবসায়ীদের আস্থাহীনতাও অনেকটা কাটছে বলে জরিপে জানানো হয়।
জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ব্যবসা-বাণিজ্যের স্থবিরতা কাটতে শুরু করেছে। ১০ মাস আগে যে অবস্থা ছিল, বছরের শেষ প্রান্তে তার উন্নতি ঘটবে।
একই অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "নানা কারণে বিনিয়োগসহ অর্থনীতির অন্যান্য খাতে বর্তমানে স্থবিরতা রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও বিনিয়োগ হচ্ছে না।
বছরের শেষ প্রান্তিকে আস্থাহীনতা কাটবে বলে ব্যবসায়ীদের মনোভাবকে ভাল লক্ষণ বলে মনে করেন তিনি।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতের অন্যান্য সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ব্যাংক ঋণের সুদের হার না কমলে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কাটবে না।"
এ বিষয়গুলোর ওপর সজাগ দৃষ্টি দিতে সরকারকে পরামর্শ দেন তিনি।
দেশে বিনিয়োগসম্পর্কিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৫ শতাংশ অর্থ ছাড় করা হলেও মাত্র ১০ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে দেখা যায়, এ সময়ে এডিপি বাবদ ব্যয় করা হয়েছে তিন হাজার ১২৫কোটি টাকা। এটি এ বছরের মোট বরাদ্দ ৩০ হাজার ৫০০ কোটি টাকার ১০ শতাংশের সামান্য বেশি।
গত অর্থবছরের একই সময়ে এডিপি বাবদ ব্যয় হয়েছিল দুই হাজার ৩৮৮ কোট টাকা। এটা ছিল ওই অর্থবছরের মোট বরাদ্দের ৯ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে এডিপি'র আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২০০৭-০৮ অর্থবছরে বেসরকারিখাতে ঋণপ্রবাহ বেড়েছিল ২৪ দশমিক ৯৪ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে তা কমে ১৪ দশমিক ৬২ শতাংশে নেমে আসে।
চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে ১৪ দশমিক ২৬ শতাংশ।
আগস্ট পর্যন্ত তথ্যে স্পষ্ট, শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য বেসরকারি খাতে ঋণপ্রবাহ গত ২০০৮-০৯ অর্থবছরে যে অবস্থায় ছিল, চলতি অর্থবছরের প্রথম দুই মাসেও (জুলাই-আগস্ট) তার কোনো উন্নতি হয়নি। উল্টো অবনতি হয়েছে।
অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-আগস্টে দেশে শিল্প স্থাপনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি কমেছে ২২ দশমিক ৩৬ শতাংশ। শিল্পের কাঁচামাল আমদানি কমেছে ২০ দশমিক ৮১ শতাংশ।
তবে গভর্নর দাবি করেছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসাবে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে।
সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রেও বেশ করুণ অবস্থা। চলতি অর্থবছরের প্রথম দু'মাসে দেশে ১২ কোটি ৬০ লাখ ডলারের এফডিআই এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২০ কোটি ১০ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে/এআরএইচ/এসএইচ/১০১৫ ঘ.
bdnews24