২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বদলে দেবে অটোমেটেড ক্লিয়ারিং হাউজ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেছেন, এখন ঢাকায় একটি চেক ক্লিয়ারের জন্য তিন দিন লাগে। নতুন পদ্ধতিতে এটা একদিনের মধ্যেই সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন আরো দ্রুত ও সহজতর করতে কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই পুরোদমে অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (আধুনিক চেক নিকাশঘর পদ্ধতি) চালু করছে। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকে আধুনিক চেক ক্লিয়ারিং পদ্ধতি পরীক্ষামূলক চালু উপলক্ষে এক অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকসহ বেশিরভাগ ব্যাংক এ ব্যবস্থা চালুর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। কয়েকটি ব্যাংকের প্রস্তুতি এখনও বাকি আছে। সব ব্যাংকের প্রস্তুতি শেষ হলে পুরোদমে এ পদ্ধতি চালু করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান গভর্নর। ই-কমার্স চালুর সিদ্ধান্তের পর অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও নিরাপদ পেমেন্ট সিস্টেম চালু হলে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক মাধ্যমে দেশের অভ্যন্তরে আন্তঃব্যাংক চেক হস্তান্তর ও নিকাশ নিস্পত্তি করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, বর্তমান ব্যবস্থায় ঢাকায় একটি চেক ক্লিয়ার হতে তিন দিন সময় লাগে। নতুন পদ্ধতি চালু হলে এক দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। আর ঢাকার বাইরের ক্লিয়ার হতে সময় লাগবে দু-থেকে তিন দিন। এখন লাগে ১৫/২০ দিন। এছাড়া বিশ্বব্যাপী আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে আতিউর আশা প্রকাশ করেন, এ ব্যবস্থা পুরোদমে চালু হলে জিডিপি প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে। গভর্নর বলেন, "অটোমেটেড ক্লিয়ারিং পুরোপুরি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে প্রতিনিয়ত তাগাদা দেওয়া হচ্ছে। আমরা প্রাইমারি স্কুলের মতো ব্যাংকগুলোকে 'রোল কল' করছি, কার কেমন প্রস্তুতি তা জানার জন্য।" রোববার সরকারি মালিকানাধীন জনতা ব্যাংক ও বেসরকারি খাতের ডাচ-বাংলা ও ইষ্টার্ন ব্যাংকের অটোমেটেড ক্লিয়ারিং হাউজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে একটি মেশিনে প্রতি মিনিটে ৩০০ চেক ক্লিয়ার করা যাবে বলে জানান তিনি। কেন্দ্রীয় ব্যাংকে এরই মধ্যে দুটি মেশিন বসানো হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা ডিএফআইডি কেন্দ্রীয় ব্যাংকের এ প্রকল্প বাস্তবয়নের জন্য ১৩ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএফআইডি'র আবাসিক প্রতিনিধি ক্রিস অস্টিন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এ প্রকল্পের পরিচালক চৌধুরী মহিদুল হকও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২১০১ ঘ.