ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট মিউচুয়াল ফান্ডের রাইট শেয়ার ও বোনাস শেয়ার ছাড়ার আদেশ দেয়ার পরই আবার এ রায়ের উপর সাতদিনের স্থগিতাদেশ দিয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কৌসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্ট এ স্থগিতাদেশ দেয়।
আবেদনকারীর কৌসুলি এম জহির সাংবাদিকদের জানান, আদালতের রুলিংয়ে অবশ্য বলা হয়েছে, এই আদেশ সেইসব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো এসইসির সংশোধনীর সময় বাজারে তালিকাভুক্ত ছিল। গত বছরের ২২ জুলাই এসইসি মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিধি সংশোধন করে, যাতে মিউচুয়াল ফান্ডের রাইট শেয়ার ও বোনাস শেয়ার ছাড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তিনি বলেন, "এছাড়া হাইকোর্টের রুলিংয়ে এসইসিকে রাইট বা বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে।"
জহির আরো জানান, এসইসির আইনজীবী মাহমুদুল ইসলাম স্থগিতাদেশের আবেদন করেন। কারণ, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আদালতকে জানান।
উচ্চ আদালতের এই রুলিংকে স্বাগত জানিয়ে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী মো. ইফতিখার-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায় যথাযথ"।
তবে তিনি বলেন, রাইট শেয়ার বা বোনাস শেয়ার ইস্যুর ব্যাপারে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সুযোগ থাকা উচিত।
২০০৭ সালের ২২ জুলাই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিধিতে সংশোধনী আনার কারণে মিউচুয়াল ফান্ডগুলোকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধি করা এবং লভ্যাংশরূপে বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এতে মিউচুয়াল ফান্ডের ব্যাপক দরপতন ঘটায় ওই সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা হইচই করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএইচএন/এইচএ/২১০০ ঘ.
bdnews24