২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল পাস: দু' বন্দরে একটি করে ট্রেড ইউনিয়ন

চট্টগ্রাম ও মংলা বন্দরের শ্রমিক-কর্মচারি এবং 'শ্রমিক নিয়োগকারী মালিকদের' একটি করে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে জাতীয় সংসদে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০০৯' পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম ও মংলা বন্দরের শ্রমিক-কর্মচারি এবং 'শ্রমিক নিয়োগকারী মালিকদের' একটি করে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে জাতীয় সংসদে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০০৯' পাস হয়েছে। বিলে ছয় মাসের মধ্যে এই ট্রেড ইউনিয়ন গঠন করার বাধ্যবাধ্যকতা রাখা হয়েছে। দুটি বন্দর কর্তৃপক্ষের ট্রেড ইউনিয়ন সংখ্যা সীমিত ও ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করায় এ আইন করা হলো। তত্ত্বাবধায়ক সরকারের সময় চট্টগ্রাম ও মংলা বন্দরে ট্রেড ইউনিয়ন কার্যক্রম বন্ধ থাকলেও আগে দুটি বন্দরেই তিন/চারটি করে ট্রেড ইউনিয়ন ছিলো। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বিলটি পাসের জন্য উত্থাপন করেন। পরে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। সংশোধিত শ্রম আইন পাস হলে দুটি বন্দরে শান্তি-শৃঙ্খলা ও গতিশীলতা বাড়বে বলে মন্ত্রী উল্লেখ করেন। গত বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম বিলটি যাচাই-বাছাই শেষে সংসদে রিপোর্ট উত্থাপন করেন। ১৯ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিলটিতে অনুমোদন দেওয়া হয়। এরপর ১ নভেম্বর শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল সংসদে উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএআর/এসএইচ/২১৫৩ ঘ.