ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিট পণ্যের মেলার মাধ্যমে আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জাপান, দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ের পোশাক শিল্পের বাজারে প্রবেশের আশা করছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
সোমবার থেকে রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 'নিট এক্সপোজিশন ২০০৯' সম্পর্কে এমন আশাবাদই ব্যক্ত করেছেন বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাপান, দক্ষিণ আফ্রিকা ও হংকংয়ের মতো বিশাল বাজার এখনো আমাদের নাগালের বাইরেই রয়ে গেছে। এবারের মেলায় এসব দেশের অনেক প্রতিনিধি এসেছেন। তাদের সঙ্গে আমাদের উৎপাদক ও রপ্তানিকারকদের পরিচয় হচ্ছে। এই মেলা থেকেই এসব দেশের বাজারে আমরা প্রবেশ করতে পারব বলে আশা করছি।"
ফজলুল হক জানান, এর আগের চার মেলার তুলনায় এবার মেলায় প্রথম দিনেই বিদেশী ক্রেতার উপস্থিতি অনেক বেশী। আগামী তিনদিনে এই সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
নগরীর শেরাটন হোটেলে 'নিট এক্সপোজিশন-২০০৯' এ ৪২টি প্রতিষ্ঠানের ৬৪টি স্টল রয়েছে। এখানে নিটপণ্য উৎপাদনকারী ছাড়াও মেশিনারীজ সরবরাহকারী, ব্যাংক, সফটওয়্যার ও ইটিপি প্রস্তুতকারকরাও অংশ নিচ্ছেন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন।
মেলায় প্লাস্টিক সামগ্রী উৎপাদক বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডেপুটি সেলস ম্যানেজার হাদিউন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুরু থেকেই এই মেলায় আমরা অংশ নিয়ে আসছি। এর মাধ্যমে অনেক নতুন ক্রেতার সঙ্গে আমাদের পরিচয় হয়। এবারও অনেক নতুন বায়ার আসছেন।"
তবে গ্রামীণ নিটওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসেন জানালেন, মূলত অংশগ্রহণের উদ্দেশ্যেই তাদের মেলায় আসা। এখান থেকে খুব বেশী ক্রয়আদেশ বা ক্রেতা পাওয়ার আশা তারা করছেন না।
একই কথা জানালেন মিনার ইন্ড্রাস্টিয়াল প্রা. লি. এর পরিচালক নাহিদ উদ জামান।
তিনি বলেন, "এ নিয়ে পঞ্চমবার আমরা মেলায় অংশ নিচ্ছি। বায়ারদের মঙ্গে এখানে আমাদের পরিচয় হলেও সরাসরি অর্ডার নিচ্ছি না। কারণ, বায়ারদের বিষয়ে খোজখবর,নেওয়ারও প্রয়োজন আছে।"
সকাল থেকেই দেশী-বিদেশী অনেক বায়ার স্টলে এসেছেন বলে তিনি জানান।
এবার মেলায় অংশ নিয়েছে জাপানী কোম্পানী কিউটেক ঢাকা ল্যাব ও চিগাসাকি। কিউটেক এর ভাইস ডাইরেক্টর হাসিয়ো নিশিইয়ামা বলেন, "আমরা বাংলাদেশে একটি কোম্পানী খুলতে চাইছি, যারা গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর মান ও পণ্য সম্পর্কে আন্তর্জাতিক সার্টিফিকেট ইস্যু করবে। এদেশের উৎপাদক, রপ্তানিকারকদের সঙ্গে পরিচিত হতেই মূলত মেলায় অংশ নিয়েছি। পরিবেশটাও আমাদের ভালো লাগছে।"
তবে চিগাসাকি উলেন স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানীর জেনারেল ম্যানেজার সুশি কিটামুরা জানান, তারা জাপানেই পণ্য উৎপাদন করেন। তবে এখন বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তুলতে চাইছেন। এর আগেও তারা এই মেলায় অংশ নিয়েছেন।
বিকেএমইএ সভাপতি বলেন, "মেলা থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের অর্ডার পাওয়া যাবে তেমনটা আমরা কেউ আশা করছি না। আসলে মেলায় কোনো অর্ডার নেয়াও হচ্ছে না। এই মেলার মাধ্যমে আমরা আশা করছি, বিদেশের নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকের সঙ্গে একটি সম্পর্ক রচিত হবে, পরিচয় হবে।"
তিনি আরও বলেন, এবছরও বিদেশ থেকে অনেক ক্রেতা আসছেন। গত চারবারের তুলনায় এবার বেশী ক্রেতা এসেছেন। এখানে সম্পর্ক তৈরী হলে পরবর্তীতে নিশ্চয়ই তার একটি ফলাফল পাওয়া যাবে।
মেলায় প্রতি দুই ঘন্টা পরপর ফ্যাশন শো'র আয়োজন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24