২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপি প্রবৃদ্ধি: দাতাদের পূর্বাভাস প্রত্যাখ্যান মুহিতের

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সরকারের পূর্বাভাসে ব্যাপক ফারাক দেখা দিয়েছে। তবে অর্থমন্ত্রী জোর দিয়ে বলেছেন, এবার এটা কোনো অবস্থাতেই ৬ শতাংশের কম হবে না। আবদুর রহিম হারমাছি জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) কতো হবে- এ নিয়ে দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফের পূর্বাভাসের সঙ্গে সরকারের পূর্বাভাসে ব্যাপক ফারাক দেখা দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জোর দিয়ে বলেছেন, এবার জিডিপি প্রবৃদ্ধি কোনো অবস্থাতেই ৬ শতাংশের কম হবে না। বেশিও হতে পারে। অন্যদিকে, আইএমএফ বলছে- চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে না। আর বিশ্বব্যাংক বলেছে এই প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হবে। ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে থাকবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়। বিশ্ব অর্থনীতির চলমান মন্দার বিষয়টি বিবেচনায় রেখে এবারের জিডিপি লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছিল বলে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় উল্লেখ করেছিলেন। তবে মাস খানেক আগে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে তেমন পড়েনি। আগামীতে খুব বেশি পড়বে বলেও মনে হচ্ছে না। এ কারণে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়ানো হবে বলেও জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফররত সাত সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের প্রধান আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের উপদেষ্টা মাসাতো মিয়াজাকি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে যাবে উল্লেখ করে বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দার কারণে এবার (২০০৯-১০ অর্থবছর) বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি প্রায় ১ শতাংশ পয়েন্ট কমে ৫ শতাংশে নেমে আসবে। প্রবৃদ্ধি কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখিত বক্তব্যে বলেন, "বিশ্বমন্দার কারণে মূলধনী যন্ত্রপাতিসহ শিল্পখাতের সঙ্গে সম্পর্কিত অন্যান্য পণ্যের আমদানি কমেছে। কমছে রপ্তানি আয়। বেসরকারি খাতে ঋণ প্রবাহও কমেছে। একই সঙ্গে কমেছে জনশক্তি রপ্তানির হার। এ সব কারণে কৃষি খাত ভালো করার পরও চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে না বলে জানান সফররত অইএমএফ প্রতিনিধিদলের প্রধান। তবে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের এই পূর্বাভাস পুরোপুরি প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বলেন, "কোনো অবস্থাতেই এবার আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের কম হবে না। বেশিও হতে পারে।" পক্ষে যুক্তি উপস্থাপন করে অর্থমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে (আইএমএফের সংবাদ সম্মেলনের পর) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএমএফের পূর্বাভাস কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমি জোর দিয়ে বলতে পারি এবার আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের কম হবে না।" তিনি আরও বলেন, "আমরা যতোটা ভেবেছিলাম, বিশ্বমন্দার প্রভাব আমাদের অর্থনীতিতে তেমন করে পড়েনি। বিনিয়োগের ক্ষেত্রে যে স্থবিরতা ছিল তা কেটে যাচ্ছে। রাজস্ব আদায় বাড়ছে। অর্থবছরের প্রথম তিন মাসে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রতি মাসেই বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ১০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। "এ পরিস্থিতিতে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ হবে- আইএমএফের এ পূর্বাভাস কোনো ভাবে গ্রহণযোগ্য নয়।" মুহিত বলেন, "সকালে (বৃহস্পতিবার) আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আমার আলোচনা হয়েছে। সেখানে আমাদের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক ক্ষেত্রেই তারা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করেছি। আইএমএফ বলেছে, চলতি অর্থবছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হবে। আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছি, এবার আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের কম হবে না, বেশিও হতে পারে।" গত ২২ অক্টোবর বাংলাদেশের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিনীবিদ সঞ্জয় কাঠুরিয়া তথ্য-উপাত্ত উপস্থাপন করে জানিয়েছিলেন, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। আর এজন্য তিনিও আইএমএফের মতো বিশ্বমন্দাকে দায়ী করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএইচ/১৯৪৯ ঘ.