২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন আইপিও লটারির ড্র অনুষ্ঠিত

গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার (আইপিও) বরাদ্দের লটারি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ লটারি অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার (আইপিও) বরাদ্দের লটারি হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ লটারি অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষিত এ শেয়ারের আবেদনকারীরা লটারির ফলাফল গ্রামীণফোনের ওয়েবসাইটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখতে পারবেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে, লটারি উপলক্ষে সকাল থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিপুল সংখ্যক আবেদনকারী ভিড় জমান। মোট তিন লাখ ১২ হাজার ৫০১টি শেয়ারের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৭৫৭টি। আর প্রবাসী বাংলাদেশীদের জন্য বরাদ্দ ছিল ৩৪ হাজার ৭২০টি শেয়ার। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের জন্য বরাদ্দ রয়েছে ২৪টি। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেসজেডাল লটারির ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ থেকে গ্রামীণফোন এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হলো যেটি শুধু মানুষের কাছে নয়, মানুষও এর খুব কাছাকাছি রয়েছে। আগামী নভেম্বরে দেশের দু'টি পুঁজিবাজারে গ্রামীণফোনের শেয়ার লেনদেন শুরু হবে বলে কোম্পানীর এক বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। গত ৪ অক্টোবর দেশের পুঁজিবাজারে সর্ববৃহৎ ৪৮০ কোটি টাকার আইপিও সাবস্ক্রিপশন প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ৮ অক্টোবর এ প্রক্রিয়া শেষ হলেও প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি ছিল ১৮ অক্টোবর পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষিত এই আইপিওর জন্য আবেদন করে ১০ লাখেরও বেশি বিনিয়োগকারী, যার অর্থমূল্য ১৭ দশমিক ২৫ বিলিয়ন টাকা। শুধু স্থানীয় বিনিয়োগকারীরাই ১ দশমিক ০৮ মিলিয়ন আবেদন করে, যার অর্থমূল্য ১৬ দশমিক ৫৭ বিলিয়ন টাকা। আর অনাবাসী বাংলাদেশীরা ৬৭০ দশমিক ৯৮৭ মিলিয়ন টাকার সাবস্ক্রিপশন জমা দেয়। বাজারে শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহের ব্যাপারে গত ২০ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পায় গ্রামীণফোন। গ্রামীণফোন সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও'র মাধ্যমে প্রায় ৪৮৬ কোটি ৭ লাখ টাকার সমমূল্যের ৬ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৪শ' শেয়ার ছাড়ে। এর প্রতিটি লটে ছিল ২০০টি শেয়ার। ১০ টাকার অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ৬০ টাকার প্রিমিয়াম যোগ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের দাম ধরা হয় ৭০ টাকা। এ হিসাবে কোম্পানিটির এক লট শেয়ারের মূল্য ১৪ হাজার টাকা। এর আগে গত ডিসেম্বরে ৪৮৬ দশমিক ৭ কোটি টাকার প্রাক-আইপিও (প্রাইভেট প্লেসমেন্ট) সম্পন্ন করে গ্রামীণফোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/১৯৪২ ঘ.