২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিদের আকর্ষণে দেশি বিনিয়োগ বাড়াতে হবে: মুহিত

বিনিয়োগে স্থবিরতা কাটেনি স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও বাড়বে না। বুধবার সকালে সফররত জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 06:21 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগে স্থবিরতা কাটেনি স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও বাড়বে না। বুধবার সকালে সফররত জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রী আশা করছেন, আগামী কিছু দিনের মধ্যেই বিনিয়োগের স্থবিরতা কেটে যাবে। বিনিয়োগে স্থবিরতার জন্য দুটি কারণ চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "মূলত দুটি কারণে বিনিয়োগের ক্ষেত্রে স্থবিরতা কাটছে না। এর একটি হচ্ছে নতুন সরকার; সবাই দেখতে চায়, অপেক্ষা করতে চায়। আর আরেকটি হচ্ছে বিশ্ব অর্থনীতির চলমান মহামন্দা। এ কারণে বিশ্ব বিনিয়োগও কমে গেছে।" "তাই আমরা এখন অভ্যন্তরীণ (দেশি) বিনিয়োগের দিকে বেশি নজর দিয়েছি। কেননা, দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না", বলেন মুহিত। বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আরও কিছু সমস্যার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, "বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ব্যাংক সমস্যা (ব্যাংক ঋণের উচ্চ সুদ) আছে। আছে আমলাতান্ত্রিক জটিলতা, এ সমস্যা অবশ্য নতুন নয়। আমরা এ দুটি সমস্যা সমাধানে ইতোমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছি।" এছাড়া গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসনের জন্যও নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বিনিয়োগ স্থবিরতা কাটার আশা প্রকাশ করে মুহিত বলেন, "সেপ্টেম্বর মাসে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি বেড়েছে। এটা বিনিয়োগের ক্ষেত্রে একটি গুড নিউজ।" জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "তারা (প্রতিনিধি দল) বাংলাদেশের সম্ভাবনাময় নতুন রপ্তানি খাত জাহাজ নির্মাণ (শিপ বিল্ডার্স) শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। "তারা বলেছেন, বাংলাদেশ এতদিন জাহাজ আমদানি করেছে, এখন রপ্তানি করছে। এ নতুন খাত বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে।" জার্মান ব্যবসায়ীরা গ্যাস ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে অর্থমন্ত্রী জানান। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ১৭ সদস্যের জার্মান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মান এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পিটার ক্ল্যানসেন। ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশেল, বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুর ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১২১২ ঘ.