২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর বন্ধের হুমকিতে ব্যবসায়ীদের উদ্বেগ

দাবি আদায়ের নামে বারবার বন্দর অচলের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি আদায়ের নামে বারবার বন্দর অচলের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ। পুরনো কায়দায় কথায় কথায় বন্দর অচলের হুমকি জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তারা। সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদে বিজিএমইএ'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বন্দর ব্যবহারকারীদের এক অনানুষ্ঠানিক বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বাংলাদেশ শিপার্স কাউন্সিলের সভাপতি মাহাবুব আলী, বিজিএমইএ'র পরিচালক সিরাজুল ইসলাম, এম চৌধুরী সেলিম, সাবেক পরিচালক মো. সাইফুদ্দিন প্রমুখ। বন্দর বন্ধ করে দাবি আদায়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, বন্দর অচলের হুমকিতে আমরা উদ্বিগ্ন। বন্দরের শ্রমিকদের দাবি-দাওয়া থাকতেই পারে, তাই বলে কথায় কথায় বন্ধ করা যায় না। বিজিএমইএ'র নাসির উদ্দিন চৌধুরী বলেন, বন্দর ব্যবহারকারীরা শ্রমিক নেতৃবৃন্দের কাছে আর জিম্মি হয়ে থাকতে চায় না। তিনি বন্দর জিম্মিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। শিপার্স কাউন্সিলের সভাপতি মাহাবুব আলী বলেন, বারবার বন্দর বন্ধ করা জাতির জন্য অত্যন্ত দু:খজনক। এ সংকট থেকে উত্তরণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/এমসি/এফআই/এসকে/২০০২ঘ.