২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে রিপোর্ট দিতে বঙ্গোপসাগরে 'সাইসমিক জরিপ' চালানোর সিদ্ধান্ত

বাংলাদেশের জলসীমা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তা জাতিসংঘে উপস্থাপনের জন্য বঙ্গোপসাগরে 'সাইসমিক জরিপ' পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'সময় স্বল্পতা ও দেশের স্বার্থের বিষয়টি বিবেচনা করে' জরুরিভিত্তিতে এ জরিপ চালানো হবে। চলতি মাস থেকেই শুরু হয়ে এ কাজ শেষ হবে ২০১০ সালের মার্চে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জলসীমা নির্ধারণ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তা জাতিসংঘে উপস্থাপনের জন্য বঙ্গোপসাগরে 'সাইসমিক জরিপ' পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 'সময় স্বল্পতা ও দেশের স্বার্থের বিষয়টি বিবেচনা করে' জরুরিভিত্তিতে এ জরিপ চালানো হবে। চলতি মাস থেকেই শুরু হয়ে এ কাজ শেষ হবে ২০১০ সালের মার্চে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ সাংবাদিকদের একথা জানান। বৈঠকে প্রস্তাবিত পাতাল রেল, মহাসড়ক ও গভীর সমুদ্রবন্দর বিষয়ক কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। সাগরে জরুরিভিত্তিতে জরিপ কাজ পরিচালনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমতি দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। আবদুল আজিজ বলেন, "বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানা নির্ধারণ, আমাদের সীমানায় তেল-গ্যাসসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ যেন আমরা পাই-এ বিষয়গুলো নিশ্চিত করতে 'সাইসমিক জরিপ' খুবই জরুরি।" এ কারণেই জরুরি ভিত্তিতে এ জরিপ কাজ পরিচালনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। জরিপে সবমিলিয়ে ব্যয় হবে ৮০ কোটি টাকা। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান এ জরিপ চালাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৈঠকে উপস্থাপিত এ সংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়, এ জরিপের ভিত্তিতে তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করা হবে। রিপোর্টটি ২০১১ সালের জুলাই মাসের মধ্যে জাতিসংঘে উপস্থাপন করা হবে। বর্তমানে বঙ্গোপসাগরে বিরোধপূর্ণ জলসীমাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। মিয়ানমার ও ভারত ইতিমধ্যে বঙ্গোপসাগরে তাদের 'সাইসমিক জরিপ' সম্পন্ন করে এর ভিত্তিতে রিপোর্ট তৈরি করে জাতিসংঘে জমা দিয়েছে। বৈঠকে উপস্থাপিত এ সংক্রান্ত সারসংক্ষেপে বলা হয়, 'জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন ১৯৮২ বাস্তবায়ন' কর্মসূচির আওতায় বঙ্গোপসাগরে জরুরি সাইসমিক জরিপ পরিচালনার জন্য সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) ২০০৮ এর ৭২ (২) বিধি অনুসরণ না করে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে বিদেশী জরিপ প্রতিষ্ঠান দিয়ে (নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান) একটি সাইসমিক জরিপ সম্পাদন, জরিপ থেকে প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণ, ব্যাখ্যা করাসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে পিপিআর ২০০৮ আইনগতভাবে অব্যাহতি প্রদান করা যেতে পারে।" পিপিআর ২০০৮ অনুযায়ী ৫০ কোটি টাকার ওপরে কোনো কাজ করতে হলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সময় স্বল্পতার কারণে এবং দেশের স্বার্থের বিষয়টি বিবেচনা করে এক্ষেত্রে বিদ্যমান পিপিআর অনুসরণ করা হচ্ছে না। জরিপ পরিচালনায় ব্যয়ের ৮০ কোটি টাকার মধ্যে বৈজ্ঞানিক উপাত্ত সংগ্রহের জন্যই ব্যয় হবে ৭০ কোটি টাকা। আর উপাত্ত সংগ্রহের পর সেই উপাত্ত প্রক্রিয়াকরণ, ব্যাখ্যাকরণ ও ডকুমেন্টেশন খাতে আরও ১০ কোটি টাকা প্রয়োজন হবে। সারসংক্ষেপে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সাইসমিক জরিপ পরিচালনায় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডাসহ কয়েকটি দেশের সঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু নেদারল্যান্ডস ছাড়া অন্য কোনো দেশ এ জরিপ কাজে আগ্রহ দেখায়নি। যোগাযোগ প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত এছাড়া বৈঠকে যথাযথ নিয়ম মেনে রাজধানী ঢাকায় উড়াল পথ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রাক যোগ্যতা যাচাই-বাছাই করতে যোগাযোগ মন্ত্রণালয়কে অনুমতি দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। বেসরকারি অবকাঠামো প্রকল্প হিসেবে ঢাকা শহরে পাতাল রেল নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও মন্ত্রণালয়কে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া দাতাদের ঋণ-সহায়তার বাইরে পদ্মা সেতু নির্মাণে যে বাড়তি অর্থের প্রয়োজন হবে তা বাজারে শেয়ার নাকি বন্ড ছাড়ার মাধ্যমে অথবা এই দুই ভাবেই করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে অর্থমন্ত্রণালয়কে। বৈঠকে কক্সবাজারের সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য পৃথক কোনো কর্র্তৃপক্ষ গঠন না করে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে প্রাইমারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল (পিডিপিপি)-এর আওতায় দাতা অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য ১৫ হাজার কোটি টাকার মতো ব্যয় হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মোট খরচের ৩০ শতাংশ অর্থ যোগান দেবে। বাকি অর্থ দাতাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া বৈঠকে দ্বিতীয় ৪ লেন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (ভবিষ্যতে ৬ লেনের ব্যবস্থাসহ) নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুমতি দেয়া হয়েছে বলে আব্দুল আজিজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/এসকে/২০৩০ঘ.