২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচকে নতুন রেকর্ড

ঢাকা পুঁজিবাজারে (ডিএসই) লেনদেন ও সূচকে বুধবার নতুন রেকর্ড হয়েছে। এদিন মোট ১২০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, আগের রেকর্ড ছিল ১১৪৯ কোটি টাকা। দিনের সাধারণ সূচক ৩২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে, একদিন আগে তা ছিল ৩২৮০ পয়েন্ট।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা পুঁজিবাজারে (ডিএসই) লেনদেন ও সূচকে বুধবার নতুন রেকর্ড হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ১২০১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০০ কোটি টাকা বেশি। দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ৩২৯৬ পয়েন্টে দাঁড়ায়, এর আগের সর্বোচ্চ সূচক ছিল মঙ্গলবার ৩২৮০ পয়েন্ট। ডিএসইতে এর আগে একদিনে সর্বোচ্চ লেনদেন ছিল গত ২ জুলাই, ১১৪৯ কোটি টাকা। মূলত বেক্স টেক্স এবং রাষ্ট্রায়ত্ত তিতাস গ্যাস ও যমুনা অয়েলের শেয়ারের ব্যাপক লেনদেনই বুধবার বাজার এত চাঙা করেছে। বেক্স টেক্সের ৮২ কোটি টাকার এবং তিতাস গ্যাস ও যমুনা অয়েলের ৫০ কোটিরও বেশি টাকার শেয়ার লেনদেন হয়। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, খুচরা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় লেনদেনও বাড়ছে। ঢাকা শেয়ার বাজারের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিন্তু বাজারের এ উচ্চ লেনদেন মৌল ভিত্তির শেয়ারের ওপর নির্ভর করে হয়নি যা দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর।" গ্রামীণফোনের শেয়ারের আকর্ষণে গত দুই মাসে পুঁজিবাজারে প্রচুর নতুন বিনিয়োগকারী প্রবেশ করেছে জানিয়ে তিনি বলেন, "এতে বাজার আরও চাঙ্গা হয়ে উঠছে।" সালাহউদ্দিন বলেন, "এসব তহবিলের কারণে বাজার অতি মূল্যায়িত হচ্ছে এবং বাজারের অবশ্যই সংশোধন হবে। আর বাজার সংশোধনের ফলে মূল্য পড়ে গেলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে।" এখন বিনিয়োগের ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/এমআই/১৬৪৬ ঘ.