২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিঋণ গ্রহীতার মোবাইল ফোন নম্বর সংগ্রহের নির্দেশ

কৃষিঋণ বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে তদারক করার জন্য ঋণগ্রহীতা প্রত্যেক কৃষকের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

আবদুর রহিম হারমাছি জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিঋণ বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে তদারক করার জন্য ঋণগ্রহীতা প্রত্যেক কৃষকের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট কৃষকের নিজের মোবাইল ফোন নম্বর না থাকলে কাছের কোন প্রতিবেশী বা আত্মীয়ের মোবাইল ফোন নম্বর তার (ঋণগ্রহীতা কৃষক) নথিতে সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি এ দিনই কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডসহ (বিআরডিবি) এবং সরকারি, বেসরকারি ও বিদেশি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারটি প্রসঙ্গে সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলতঃ কৃষিঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং ব্যবস্থা জোরদার করতেই এ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। "কৃষকরা ব্যাংক থেকে ঠিক মতো ঋণ পাচ্ছে কিনা, কোন ধরনের হয়রানি-অনিয়ম হচ্ছে বা হয়েছে কিনা- কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সব বিষয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি খোঁজ-খবর নিতে প্রত্যেক কৃষকের ঋণ সংক্রান্ত নথিতে তার মোবাইল ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।" গত অর্থবছর থেকে সব ব্যাংকের জন্য কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে চলতি ২০০৯-১০ অর্থবছরে ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ৫১২ কোটি ৩০ লাখ টাকার রেকর্ড পরিমান কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ সময়ে কোন ব্যাংক কী পরিমান কৃষিঋণ বিতরণ করবে তারও একটি লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এক হাজার ২৭১ কোটি ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গত ২০০৮-০৯ অর্থবছরের একই সময়ে এর পরিমান ছিল ৯৭২ কোটি ২৯ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও বিশেষ কর্মসূচি বিভাগের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত 'কৃষি/পল্লী ঋণ গ্রাহকের মোবাইল ফোন নম্বর শাখায় সংরক্ষণ'- শীর্ষক সোমবারের সার্কুলারে বলা হয়, কৃষি/পল্লী ঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে মনিটরিং- এর উদ্দেশে সহজ যোগাযোগ স্থাপনের জন্য ব্যাংকের শাখা পর্যায়ে প্রতিটি কৃষি/পল্লী ঋণ গ্রাহকের নথিতে তার মোবাইল ফোন নম্বর ( নিজস্ব মোবাইল ফোন না থাকলে নিকটস্থ কোন প্রতিেিবশী বা আত্মীয়ের মোবাইল ফোন নম্বর অনুরোধে উল্লেখপূর্বক) সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২১১২ঘ.