২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের ১৭০ কোটি ডলার যে কোনও প্রকল্পে খরচে সায় মিলেছে

বিশ্বব্যাংকের সহায়তার যে ১৭০ কোটি ডলার বিভিন্ন শর্তের কারণে অব্যবহৃত আছে, তা ইচ্ছামতো প্রকল্পে ব্যয় করতে পারবে বাংলাদেশ। ১২ দিনের সফর শেষে শুক্রবার দেশে ফিরে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে শর্ত ও প্রক্রিয়া বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহজ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে দেওয়া বিশ্বব্যাংকের যে ১৭০ কোটি (১ দশমিক ৭ বিলিয়ন ) ডলার নানা ধরনের শর্তের কারণে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তা ইচ্ছামতো খরচেও সায় দিয়েছে সংস্থাটি। সাইপ্রাসে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন এবং তুরস্কে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগদানের পর শুক্রবার দেশে ফিরে অর্থমন্ত্রী বিমানবন্দরে সাংবাদিকদের আরও বলেন, মন্দা মোকাবেলা ও উন্নয়নের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে বাড়তি সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভায় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান শর্ত ও প্রক্রিয়া সহজ করার কথা জানিয়েছেন। "সেইসঙ্গে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্রকল্পে দেওয়া তাদের ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বাংলাদেশকে ইচ্ছেমতো যে কোনও প্রকল্পে খরচ করারও অনুমতি দিয়েছে। এ অর্থ এখন আমরা এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে স্থানান্তর করতে পারব।" নানা ধরনের শর্তের কারণে এ অর্থ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বলে মুহিত জানান। তুরস্কের ইস্তাম্বুলে গত ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হয় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা। অর্থমন্ত্রী বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় মন্দা মোকাবেলা এবং আমাদের বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংক কী পরিমাণ সহায়তা দেবে তা সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তবে পদ্মা সেতু নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজে অতিরিক্তি সহায়তা দেবে বলে প্রতিশ্র"তি দিয়েছে।" আইএমএফের সহায়তার বিষয়ে তিনি বলেন, "তারা মূলত কোনও দেশের লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অফ পেমেন্টে) ঠিক রাখতে সহায়তা দিয়ে থাকে। কিছু দিন আগে তারা আমাদের ৩০০ মিলিয়ন ডলারের মতো সহায়তা দিয়েছে। বর্তমানে আমাদের ব্যালান্স অফ পেমেন্ট ভালো। এ পরিস্থিতিতে ঋণ সহায়তার প্রয়োজন নেই বলে তাদের (আইএমএফ) জানিয়ে দিয়েছি।" আইএমএফ সহজ শর্তে বাংলাদেশকে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার ঋণ দিয়েছিল। বিশ্ব অর্থনীতির চলমান মন্দা কাটানোর লক্ষ্যে সাইপ্রাস ও ইস্তাম্বুলের দুটি বৈঠকে যোগ দিতে গত ২৮ সেপ্টেম্বর রাতে অর্থমন্ত্রী ঢাকা ছাড়েন। সাইপ্রাসের লিমাসলে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অনুষ্ঠিত হয় কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন। ১২ দিনের এ সফরে মুহিত বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অর্থমন্ত্রী বলেন, "২০০৭ সালের শেষের দিক থেকে মন্দা দেখা দেওয়ার পর এ দুটি সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। দুই সম্মেলনেই প্রধান আলোচ্য ছিল বিশ্ব অর্থনীতির চলমান মন্দা। মন্দা কাটানোর উপায় বের করার বিভিন্ন কৌশল, ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।" দুই সম্মেলনের অভিজ্ঞতার বর্ণনায় মুহিত বলেন, "বিশ্বমন্দা বড় দেশগুলোকে বেশ ভালোভাবেই আক্রান্ত করেছে। কোনও দেশে কর্মসংস্থান ২০ শতাংশ কমে গেছে। কোনও দেশে আবার এর চেয়ে বেশি কমেছে। "এ সব দেশগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে খুবই দুরবস্থা চলছে। বাণিজ্য নিুমুখী। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মন্দা কাটতে সময় লাগবে। বাংলাদেশকেও সতর্ক থাকতে হবে।" মুহিত জানান, দুটি সম্মেলনেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা মন্দা মোকাবেলার 'প্রণোদনা প্যাকেজ' অব্যাহত রাখার সুপারিশ করেছেন। তিনি বলেন, "দুটি সম্মেলনেই আমি বলেছি, উন্নত দেশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মন্দা মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) কোনও ধরনের সহায়তা করেনি। এটা খুবই দুঃখজনক। মন্দার ধকল কাটাতে স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তার জন্য আমি জোরালো দাবি জানিয়েছি। আমার দাবির সঙ্গে ভারতের অর্থমন্ত্রী ও এলডিসি'র অন্য সদস্যরাও একমত পোষণ করেছেন।" প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাংবাদিকদের বলেন, "আগে এ ধরনের সম্মেলন বা বৈঠকে বাংলাদেশকে তেমন গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু এবার সব দেশের প্রতিনিধিরা বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে। আমাদের বক্তব্য মনোযোগের সঙ্গে শুনেছেন এবং দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।" বিশ্বব্যাংকের ১৭০ কোটি ডলার অন্য প্রকল্পে স্থানান্তরের সুযোগ দেশের উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী ও গভর্নর ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) এ এস এম রাশেদ। বিশ্বব্যাংক-আইএমএফের সম্মেলন চলাকালে বিক্ষোভ প্রসঙ্গে মুহিত বলেন, "এটা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে।" প্রতিবছর বিশ্বব্যাংক ও আইএমএফ বার্ষিক সভার মাধ্যমে তার সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, উন্নয়ন বিষয়কমন্ত্রী, বেসরকারি খাতের প্রতিনিধি, বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে বৈঠক করে। বৈঠকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৪৫ ঘ.