২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ঈদ বাজারে বেড়েছে চিনি, চাল ও মাংসের দাম

ঈদ সামনে রেখে চট্টগ্রামের খুচরা বাজারে চিনি, সুগন্ধী চাল, সেমাই ও মাংসের দাম বেড়ে গেছে। রোববার বন্দর নগরীর বড় বাণিজ্য কেন্দ্র রেয়াজুদ্দিন বাজার ও কাজিরদেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ৫ টাকা, চিনি ২ টাকা, পিঁয়াজ ৫ টাকা, সেমাই ৫ টাকা ও মাংস ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে চট্টগ্রামের খুচরা বাজারে চিনি, সুগন্ধী চাল, সেমাই ও মাংসের দাম বেড়ে গেছে। রোববার বন্দর নগরীর বড় বাণিজ্য কেন্দ্র রেয়াজুদ্দিন বাজার ও কাজিরদেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ৫ টাকা, চিনি ২ টাকা, পিঁয়াজ ৫ টাকা, সেমাই ৫ টাকা ও মাংস ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার বন্দরনগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পোলাও রান্নায় ব্যবহৃত প্রতি কেজি চিনিগুঁড়া চাল বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। গত বছর রোজার ঈদে এ চালের দাম ছিল ৬০ টাকা। এক সপ্তাহ আগেও চিনিগুঁড়া চালের দাম ছিল ৯০ থেকে ৯৫ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে পাইকাররা দাম বাড়িয়ে দেওয়ায় এ চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়ে গেছে। এছাড়া প্রাণের চিনিগুঁড়া চালের এক কেজির প্যাকেট ১১০ টাকায়, রাঁধুনির প্যাকেটজাত কালোজিরা চাল ১৩০ টাকায়, পাকিস্তানী বাসমতী ৫ কেজির প্যাকেট ৭২০ টাকায় বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতা আহমেদ কবীর জানান, এক সপ্তাহের ব্যবধানে বাসমতী চালের দাম প্রতি প্যাকেটে ১২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে চিনি ও পেঁয়াজের দামও বেড়েছে। দুদিন আগেও ৩৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিনি রোববার বিক্রি হয়েছে ৩৭ টাকায়, আর ১৫ টাকার পেয়াঁজ বিক্রি হয় ২০ টাকায়। গত এক বছরে গুঁড়ো দুধের দাম এমনিতেই বেশ খানিকটা বেড়েছে। বুধবার 'ডানো'র এক কেজির প্যাকেট ৫৫০ টাকা, 'ডিপ্লোমা' ৪৯৫ টাকা, 'ফ্্েরশ' ৪৬৫ টাকা, 'কোয়ালিটি' ৪৮০ টাকা ও 'পুষ্টি' ৪৪২ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতা কামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবারের তুলনায় বেশি হলেও এবার ঈদকে সামনে রেখে গুঁড়ো দুধের দাম বাড়েনি। রোজার আগের দরেই বিক্রি হচ্ছে। এদিকে গত এক সপ্তাহে খোলা ও প্যাকেট লাচ্ছা সেমাইয়ের দাম প্রতি কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার মধুবন, বনফুল, ডায়মন্ড, ফুলকলি, থাই ফুড ও ফু ওয়াং সেমাইয়ের এক কেজির প্যাকেট বিক্রি হয়েছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। তবে দাম বাড়ার বিষয়টিতে গুরুত্বই দিলেন না খুচরা দোকানদার কামাল মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ঈদে সেমাইয়ের দাম কেজিতে দুই-পাঁচ টাকা বাড়তেই পারে।" ঈদ আসন্ন বলে মাংসের দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে গরুর মাংস কেজিতে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। রেয়াজুদ্দিন বাজারে রোববার হাড় ছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ২৬০ টাকায়; আর হাড়সহ ২২০ টাকায়। এছাড়া ফার্মের মুরগি ১০ টাকা বেড়ে ১১৫ টাকা এবং দেশী মুরগি ২২০ টাকায় বিক্রি হয়েছে এদিন। রান্নার গুরুত্বপূর্ণ উপকরণ মসলার মধ্যে প্রতি কেজি এলাচ ১০০০ টাকা, জিরা ৩৫০ টাকা ও কিসমিস ২২০ টাকায় বিক্রি হয়েছে এদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/এসকে/২১০৬ঘ.