২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্ব খাদ্য ব্যাংক' গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ খাদ্য নিরাপত্তার জন্য একটি 'বিশ্ব খাদ্য ব্যাংক' গড়ে তোলার বিষয়টি ভাবতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 08:20 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ খাদ্য নিরাপত্তার জন্য একটি 'বিশ্ব খাদ্য ব্যাংক' গড়ে তোলার বিষয়টি ভাবতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৬৩ তম সাধারণ পরিষদে বক্তৃতায় তিনি বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতির কথা তুলে ধরেছেন। এ বছরের ১৮ ডিসেম্বর অবাধ ও সুষ্ঠুভাবে ভাবে জাতীয় নির্বাচন করতে নির্বাচন কমিশন দৃঢ় সংকল্পবদ্ধ বলে তিনি জানিয়েছেন। ফখরুদ্দীন স্বল্পোন্নত দেশগুলোর খাদ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব খাদ্য ব্যাংকের মতো একটি ব্যবস্থা গড়ে তোলা হলে সাময়িক উৎপাদন ঘাটতির ক্ষেত্রে কোন দেশ এ ধরনের ব্যাংক থেকে শস্য ধার নিয়ে সঙ্কট সামাল দিতে সক্ষম হবে। উৎপাদন স্বাভাবিক হয়ে হলে ধার শোধ করে দেবে দেশটি। ফখরুদ্দীন বর্তমান সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট, দুর্নীতি বিরোধী অভিযান এবং বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ডের বর্ণনা দেন। জাতিসংঘের ওয়েবসাইটে জানানো হয়েছে, শুক্রবার ফখরুদ্দীন তার ভাষণে বলেন, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় এসেই তত্ত্বাবধায়ক সরকার দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করে। কয়েক দশক ধরে চলা দুর্নীতিতে গণতন্ত্র ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের জন্য অগ্রসর হওয়ার পথটি সুগম ছিল না। সরকার এই কঠিন পথযাত্রায় একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নামে। সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি জানান, ১১ মাসের মধ্যে ছবি ও আঙুলের ছাপসহ আট কোটির বেশি ভোটারকে নিবন্ধন করেছে। নির্বাচন কমিশন পাঁচ লাখেরও বেশি নির্বাচন কর্মীকে প্রশিক্ষণ দিয়ে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করে তুলেছে। নির্বাচন প্রস্তুতির এই তথ্য জানিয়ে ফখরুদ্দীন বলেন, নির্বাচন গণতান্ত্রিক শাসনের শুধু একটি স্তম্ভ। সরকার গণতন্ত্রের শক্ত ভিত তৈরি করতে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করেছে, জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছে এবং তথ্য অধিকার আইন করে এ ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা করেছে। গত মাসে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাফল্যের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন এ বছরের ১৮ ডিসেম্বর সুষ্ঠু ও অবাধ ভাবে জাতীয় নির্বাচন করতে বদ্ধ পরিকর। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এমএইচবি/০২৪১ ঘ.