২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে বাংলাদেশে বিনিয়োগ কমেছে ১৬ শতাংশ: আঙ্কটাড

এক বছরের ব্যবধানে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা- আঙ্কটাড। তবে একই সময়ে বাংলাদেশ থেকে অন্যদেশে এফডিআই প্রবাহ বেড়েছে এক কোটি ৭০ লাখ ডলার বা ৪২৫ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরের ব্যবধানে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ১৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা- আঙ্কটাড। তবে একই সময়ে বাংলাদেশ থেকে অন্যদেশে এফডিআই প্রবাহ বেড়েছে এক কোটি ৭০ লাখ ডলার বা ৪২৫ শতাংশ। বুধবার বিনিয়োগ বোর্ড সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আঙ্কটাডের পক্ষে 'বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০০৮, বহুজাতিক করপোরেশন ও অবকাঠামোগত চ্যালেঞ্জ' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে বিনিয়োগ বোর্ড। প্রতিবেদনে জানানো হয়, গতবছর ৬৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের এফডিআই দেশে এসেছে। আগের বছর অর্থাৎ ২০০৬ সালে এর পরিমাণ ছিল ৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে পরিমাণ কমেছে ১২ কোটি ৭০ লাখ ডলার বা ১৬ শতাংশ। এফডিআই পাওয়ার ক্ষেত্রে ১৪১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একধাপ নিচে নেমে হয়েছে ১২১। তবে বাংলাদেশ থেকে অন্য দেশে সরাসরি বিনিয়োগ হয়েছে ২ কোটি ১০ লাখ ডলার; আগের বছর যার পরিমাণ ছিল মাত্র ৪০ লাখ ডলার। এক্ষেত্রে বাংলাদেশ থেকে বাইরের দেশে এফডিআই প্রবাহ বেড়েছে এক কোটি ৭০ লাখ ডলার বা ৪২৫ শতাংশ। অন্যদিকে ২০০৭ সালে দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এফডিআইয়ের প্রবাহ ২৪ হাজার ৮০০ কোটি ডলার বা ১৯ শতাংশ বেড়েছে বলে এতে জানানো হয়। এছাড়া এই সময়ে দক্ষিণ এশিয়ায় মোট এফডিআই এসেছে ৩ হাজার ৬২ কোটি ডলার। এ অঞ্চলে আগের বছরের তুলনায় এফডিআই প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে সর্বাধিক বিনিয়োগ এসেছে ভারতে ২ হাজার ২৯৫ কোটি ডলার, গত বছরের তুলনায় যা ১৬ দশমিক ৭২ শতাংশ বেশি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে সারাবিশ্বে প্রায় ১ হাজার ৮৩৩ বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ হয়েছে এবং বিনিয়োগ প্রবৃদ্ধির হার ৩০ শতাংশ। এর মধ্যে ৫০০ বিলিয়ন ডলার এসেছে উন্নয়নশীল দেশে। এফডিআই পাওয়ার তালিকায় শীর্ষ তিনটি দেশ হলো যুক্তরাষ্ট্র (২৩ হাজার ৩০০ কোটি ডলার), যুক্তরাজ্য (২২ হাজার ৪০০ কোটি ডলার) ও ফ্রান্স (১৫ হাজার ৮০০ কোটি ডলার)। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম ইসমাইল হোসেন। এ সময় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। কামাল উদ্দিন বলেন, "দেশে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সীমাবদ্ধতা রয়েছে। আর এ বিষয়টি বিবেচনায় রেখে গ্যাস ও বিদ্যুৎ অপেক্ষাকৃত কম ব্যবহার হয়- এমন শিল্পে বিদেশি বিনিয়োগ বেশি উৎসাহিত করছি আমরা। এছাড়া কয়লানীতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পর্যাপ্ত কয়লা উত্তোলন করতে পারলে জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা দূর যাবে বলে আশা করছি।" রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ কমেছে কিনা জানতে চাইলে অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, বিনিয়োগ শুধু রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। অন্যান্য বিষয়ও দেখতে হবে। ২০০৭ সালে রাজনৈতিক অস্থিরতা ছিল না, কিন্তু অনিশ্চয়তা ছিল। এজন্য হয়তো কাঙ্খিত হারে বিদেশি বিনিয়োগ আসেনি। এছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মতো যথেষ্ট অবকাঠামো সুবিধাও নেই বলে তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এমএইচবি/২২০৪ ঘ.