২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর থেকে গাড়ি খালাস দু'একদিনের মধ্যেই

চট্টগ্রাম বন্দর থেকে আগামী দু'একদিনের মধ্যে গাড়ি খালাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। গাড়ি আমদানির ক্ষেত্রে অবচয়ের পুরনো নিয়ম অনুযায়ীই তারা শুল্ক দেবেন। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যে অতিরিক্ত টাকা শুল্ক আসবে সেটা তাদের ব্যাংক গ্যারান্টি হিসাবে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দর থেকে আগামী দু'একদিনের মধ্যে গাড়ি খালাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। গাড়ি আমদানির ক্ষেত্রে অবচয়ের পুরনো নিয়ম অনুযায়ীই তারা শুল্ক দেবেন। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যে অতিরিক্ত টাকা শুল্ক আসবে সেটা তাদের ব্যাংক গ্যারান্টি হিসাবে দিতে হবে। শুল্কায়নের নতুন নিয়মের বিরুদ্ধে বারভিটার দায়ের করা মামলায় আদালতের রায় পাওয়ার পর এনবিআরের পরবর্তী সিদ্ধান্তের আলোকে শুল্কের হিসাব সমন্বয় করা হবে। বাংলাদেশ রিকন্ডিশনড ভ্যাহিক্যালস ইমপোরটারস অ্যান্ড ডিলারস এসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। বারভিটা সভাপতি জানান, শুল্কসংক্রান্ত জটিলতার কারণে তারা এক মাস ২১ দিন বন্দর থেকে গাড়ি খালাস বন্ধ রাখেন। এ কারণে গাড়ির স্তুপ জমে যায়। জটিলতা নিরসনে রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ জারির পরিপ্রেক্ষিতে তারা গাড়ি খালাসের সিদ্ধান্ত নিয়েছেন। আবদুল হক বলেন, "এনবিআর গাড়ি খালাসের ক্ষেত্রে শুল্কায়নের অবচয়সংক্রান্ত পুরনো প্রজ্ঞাপন অনুসরণ করবে। তবে যেহেতু নতুন প্রজ্ঞাপন নিয়ে মামলা বিচারধীন আছে তাই এর জন্য আমদানিকারকদের ব্যাংক গ্যারান্টি দিতে বলা হয়েছে।" তিনি জানান, আজ বিকেলেই (রোববার) বারভিডার সব সদস্যকে আগামী দু'একদিনের মধ্যে গাড়ি খালাস শুরু করতে বলা হয়েছে। "ব্যাংক গ্যারান্টি পেতে একদিন সময় লাগবে। সেই অনুসারে আগামী দুই দিনের মধ্যে বন্দরে পড়ে থাকা গাড়ি খালাসের প্রক্রিয়া পুরোদমে শুরু করা যাবে।" আশাবাদ জানান তিনি। এনবিআরের আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার (আমদানি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবচয়ের ক্ষেত্রে নতুন জারি করা প্রজ্ঞাপনের বিপরীতে যে শুল্ক আসবে তা ব্যাংক গ্যারান্টি হিসাবে দিয়ে গাড়ি খালাস করতে পারবেন আমদানিকারকরা।" তিনি বলেন, এনবিআর শুল্কসংক্রান্ত এ জটিলতা নিরসনে শুরু থেকেই সহানুভুতিশীল ছিল। কিন্তু আমদানিকারকরা গাড়ি খালাস না করায় বন্দরে গাড়ির জট সৃষ্টি হয়। শাহ আলম বলেন, নতুন প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর সে অনুযায়ী শুল্ক সমন্বয় করা হবে। বারভিডার সভাপতি আবদুল হক জানান, আগস্টের শুরুতে এনবিআর শুল্কায়নের অবচয়সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে আমদানিকারকরা বন্দর থেকে গাড়ি খালাস বন্ধ রাখেন। পরে তারা এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিটও করেন। এ মাসের দ্বিতীয় সপ্তাহে আদালত বারভিডার পক্ষে আদেশ দেয়। কিন্তু এনবিআর হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আবার শুনানির আবেদন করায় তা কার্যকর হয়নি। আবদুল হক জানান, আগস্টে জারি করা এনবিআরের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী একটি গাড়ির অবচয় সুবিধার দেওয়ার বিষয়ে বলা হয়েছে- যতদিন গাড়িটি উৎপাদনকারী দেশে ব্যবহৃত হয়েছে শুল্কায়নের সময় কেবল ততদিনের অবচয় সুবিধা পাওয়া যাবে। অথচ আগে এ অবচয় সুবিধা ধরা হতো পুরো বছরের জন্য। সেক্ষেত্রে গাড়ির আমদানি খরচ কম পড়ত। নতুন আদেশ অনুযায়ী একই উৎপাদন সালের একই মডেলের একটি গাড়ির বাজার মূল্য হবে দুই রকম। ক্রেতারা বিভ্রান্ত হবেন বলে এ প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলেও তিনি জানান। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, গত দুই মাসে কয়েকটি চালানে আমদানি করা প্রায় সাড়ে পাঁচ হাজার গাড়ি বন্দরে পড়ে আছে। বন্দরের চারটি শেডে গাড়ি রাখা যায় মাত্র দুই হাজার আটশ'টি। এ কারণে বন্দর ইয়ার্ডের রাস্তায় ও নানা স্থানে গাড়ি রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বন্দরে গাড়ি জটের কারণে এ মাসের প্রথম দিকে একটি গাড়িবাহী জাহাজকে বহির্নোঙরে আটদিন অপেক্ষা করতে হয়। সাধারণত এ ধরনের বিশেষায়িত জাহাজ দুই দিনের মধ্যে গাড়ি খালাস করে বন্দর ত্যাগ করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/২২৩১ ঘ.