ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে অধিকাংশ পণ্যের দাম কমেছে বলে দাবি করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক।
শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এ নেতা আরও বলেছেন বাজার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার যে দাবি তিনি জানিয়েছিলেন, এখন আর তার প্রয়োজন নেই।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম নির্ধারণের ব্যাপারে এফবিসিসিআইয়ের হস্তক্ষেপ চেয়েছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
বুধবার মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ব্যবসায়ী সংগঠনটির মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।
আনিসুল হক বলেন, "এফবিসিসিআইয়ের দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের সদস্যরা গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখেছেন জিনিসপত্রের দাম খানিকটা কমেছে। বিশেষ করে কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তেল, আলুসহ অন্যান্য পণ্যের দাম রোজার শুরুর দিকের তুলনায় কিছুটা কমেছে। এসব পণ্যের দাম আরো কমবে।"
এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তার প্রয়োজন নেই বলে জানান এফবিসিসিআই সভাপতি।
রোজার শুরুতে ব্যবসায়ীদের অনুরোধ করার পরও পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের ব্যাপক ব্যবধান না কমায় আনিসুল হক বাজার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছিলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, "বাজার এখন অনেকটাই সহনশীল। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম কমায় স্থানীয় বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।"
এফবিসিসিআই এর দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের প্রধান কামালউদ্দিন আহমেদ বলেন, "আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেশ খানিকটা কমেছে। তবে আমাদের বাজারে এর প্রভাব পড়তে তিন চার মাস লেগে যায়। দেশীয় বাজারে আগামীতে পণ্যের দাম আরো কমবে বলে আশা করছি আমরা।"
দাম কমতে দেরি হওয়ার জন্য আমদানিকারকদের সমালোচনা করেন পুরান ঢাকার শ্যামবাজার পাইকারি বাজারের ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন ভুলু। তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে আমাদের বাজারে তা ঘণ্টায় ঘণ্টায় বাড়ে। অথচ বিশ^বাজারে এখন অনেক পণ্যের দাম কমলেও আমাদের আমদানিকারকরা আগের দামেই পণ্য বিক্রি করছেন।"
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মওলা একই ইঙ্গিত করে বলেন, "গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে চাল, ভোজ্য তেলসহ অধিকাংশ পণ্যের দাম কমেছে। আমাদের বাজারে এসব পণ্যের দাম কতোটা কমেছে তা তদারকির জন্য সরকার ও এফবিসিসিআইয়ের মনিটরিং প্রয়োজন।"
মালিবাগ কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ মজুমদারের অভিযোগ পাইকারদের বিরুদ্ধে।ফয়জুল্লাহ বলেন, পণ্য বিক্রির সময় রশিদ দেওয়ার জন্য এফবিসিসিআই এর পক্ষ থেকে পাইকারদের তাগিদ দেওয়া হলেও তারা সেটা মানছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/১৯৩৭ঘ.
bdnews24