ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির মতো ঘটনা রোধ করতে রাজধানীর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, 'গত বছর ব্র্যাক ব্যাংকে লকার ডাকাতি, গাজীপুরে শাহজালাল ইসলামী ব্যাংকে ডাকাতি চেষ্টার মতো ঘটনা যাতে আর না ঘটতে পারে সে ব্যাপারে সর্তক থাকতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা পালনের অনুরোধ জানানো হচ্ছে।'
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে একজন নিরাপত্তা কর্মকর্তা মনোনীত করতে বলা হয় নির্দেশনায়।
এছাড়া, অপরাধীদের নাগালের বাইরে বিশেষ জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ভিডিও চিত্র ৩০দিন পর্যন্ত সংরক্ষণ করতে বলেছে পুলিশ।
নির্দেশনায় রয়েছে, ব্যাংকে প্রবেশের সময় গ্রাহকদের মোবাইল ফোন বাইরে রাখার ব্যবস্থা করা, দায়িত্বপালনের সময় গার্ড বা দারোয়ানদের নিরাপদ দূরত্ব এবং কৌশলগত অবস্থানে থাকা, গার্ডদের দিয়ে অন্য কোনো কাজ না করানো এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গার্ড নিয়োগের সময় তাদের ঠিকানা ও পরিচয় যাচাই করারও পরামর্শ দিয়েছে পুলিশ।
এছাড়া, এ ধরনের প্রতিষ্ঠানের উপরে বা নিচে আবাসিক হোটেল বা অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিতেও বলেছে তারা।
বড় অঙ্কের টাকা তুলে অন্যস্থানে নেওয়ার সময় থানা বা কন্ট্রোলরুমে যোগাযোগ করে সাহায্য নেওয়ারও পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/১৮৪১ ঘ.
bdnews24