২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ে এনবিআরের ব্যাপ্তি বাড়ানোর উদ্যোগ

মাঠ পর্যায়ের কাঠামোগত ব্যাপ্তি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উপজেলা পর্যায়ে হিসাব রক্ষণ কার্যালয় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাগুলোর অবকাঠামো সুবিধা ব্যবহারের অনুমতি চাইবে। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ের কাঠামোগত ব্যাপ্তি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উপজেলা পর্যায়ে হিসাব রক্ষণ কার্যালয় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাগুলোর অবকাঠামো সুবিধা ব্যবহারের অনুমতি চাইবে। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তথ্য জানিয়েছেন। রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর কার্যালয়ে সোমবার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, "উপজেলা পর্যায়ে এনবিআরের কার্যালয় না থাকায় কর কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে করদাতাদের রাজস্ব দিতে উদ্বুদ্ধ করতে পারছেন না। আর এ কারণে কাঙ্খিত রাজস্ব সরকারের কোষাগারে জমা হচ্ছে না।" "এই মুহূর্তে সব উপজেলায় এনবিআরের অফিস স্থাপন সম্ভব নয়। এ অবস্থায় উপজেলা হিসাব রক্ষণ অফিস ও সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোর অবকাঠামো সুবিধা আমরা ব্যবহার করতে পারি। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে।" বলেন তিনি। আবদুল মজিদ জানান, স্বপ্রণোদিত করদাতাদের উৎসাহিত করতে করদাতাদের বিশেষ কার্ড দেয়া হবে। এছাড়া প্রতি জেলায় শীর্ষ পাঁচ করদাতাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। তারা নিজ নিজ জেলার রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। অন্যান্যের মধ্যে দৈনিক ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের উপসম্পাদক সাইফুল আলম সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১০৭ ঘ.