২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পিআরএসপি চূড়ান্ত, অনুমোদন হতে পারে বৃহস্পতিবার

কৃষিখাত অগ্রাধিকার দিয়ে তিন বছর মেয়াদি দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি- ২) চূড়ান্ত করেছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৃহস্পতিবার নতুন এই পিআরএসপি অনুমোদন দিতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাত অগ্রাধিকার দিয়ে তিন বছর মেয়াদি দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি- ২) চূড়ান্ত করেছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৃহস্পতিবার নতুন এই পিআরএসপি অনুমোদন দিতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, "প্রস্তাবিত পিআরএসপিতে খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে দারিদ্র নিরসনের কৌশল গ্রহণ করা হয়েছে। এ জন্য আগামী তিন বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সাত শতাংশ।" বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের জুলাই মাসে প্রথমবারের মতো তিন বছর মেয়াদি পিআরএসপি গ্রহণ করা হয়। চলতি বছরের জুন মাসে এর মেয়াদ শেষ হয়েছে। নতুন পিআরএসপির খসড়া বিশ্লেষণে দেখা গেছে, দেশের অর্থনৈতিক পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের মতো বিষয়গুলোর প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে দ্বিতীয় পিআরএসপিতে। এর সার-সংক্ষেপে বলা হয়েছে, ১৯৯১-৯২ সালে দেশের ৫৬ দশমিক ৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। ২০০০ সালে তা কমে ৪৮ দশমিক ৯ শতাংশে নেমে আসে। ২০০৫ সালে তা আরো কমে ৪০ শতাংশে নেমে এসেছে। অবশ্য ২০০৫ সালের পর এ সংক্রান্ত কোনো তথ্য দলিলে উল্লেখ করা হয়নি। এমনকি প্রথম পিআরএসপি বাস্তবায়নের ফলে দেশে দারিদ্র্যের হার কমেছে কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২২৪৩ ঘ.