২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজারে দরপতনের কারণ কেউ বলতে পারছেন না: অর্থ উপদেষ্টা

শেয়ার বাজারে অব্যাহত দরপতনের সুনির্দিষ্ট কারণ কেউই বলতে পারছেন না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে আস্থাহীনতা, গুজব ইত্যাদি অনেক কারণেও অনেক সময় বাজারে উত্থান-পতন হয়ে থাকে বলে তিনি মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে অব্যাহত দরপতনের সুনির্দিষ্ট কারণ কেউই বলতে পারছেন না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে আস্থাহীনতা, গুজব ইত্যাদি অনেক কারণেও অনেক সময় বাজারে উত্থান-পতন হয়ে থাকে বলে তিনি মন্তব্য করেছেন। পরিস্থিতির উন্নতির লক্ষণ হিসেবে গত দুদিনে দুটি পুঁজি বাজারে সার্বিক মূল্যসূচক বাড়ার কথা জানান তিনি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে পুঁজি বাজারের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "পুঁজি বাজারে কেন অব্যাহতভাবে দরপতন হচ্ছে সে ব্যাপারে আমাকে নির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারছে না। এমনকি পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) আমাকে কিছু বলতে পারছে না। তবে সব শেয়ার বাজারেই উত্থান-পতন হয়।" তিনি বলেন, "পুঁজি বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমি ব্যক্তিগতভাবে এসইসিকে সংশ্লিষ্ট সবার সঙ্গে ধারাবাহিক বৈঠক করতে বলেছি। এসইসি বৈঠক শুরু করেছে। এতে গত দুদিনে সার্বিক মূল্যসূচক খানিকটা বেড়েছে।" আজিজুল ইসলাম বলেন, "অনেকে ধারণা করেছিল তিতাসের পুরো শেয়ার বিক্রি না হওয়ার কারণে পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কিন্তু এখন তিতাসের সব শেয়ার বিক্রি হয়ে গেছে। তিতাসের শেয়ার নিয়ে এখন কোনো সমস্যা নেই।" তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্বের যে কোনো শেয়ার বাজারের চেয়ে আমাদের শেয়ার বাজার এখনও বেশ ভালো দাবি করেন তিনি। উপদেষ্টা বলেন, "শেয়ার বাজারে আস্থাহীনতা, গুজব অনেক কিছু কাজ করে। এসব কারণেও অনেক সময় বাজারের উত্থান-পতন হতে পারে।" তিনি জানান, মার্চেন্ট ব্যাংকগুলো বাজারে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না, তা খতিয়ে দেখতেও এসইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৮৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২৭০৬ দশমিক ৬১ পয়েন্ট হয়। চট্টগ্রম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে। বুধবারও দুই বাজারেই সাধারণ মূল্যসূচক বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এমএইচবি/২০৩৫ ঘ.