২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যের দাম নিয়ে পরস্পরকে দুষলেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা

রোজার মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিআই) সভাপতি আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগষ্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোজার মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিআই) সভাপতি আনিসুল হক। এদিকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের অতিরিক্ত দাম আদায়ের জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর ফেডারেশন ভবনে 'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখার জন্য' এক মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "র‌্যাব-বিডিআর ছাড়াই আসুন আমরা নিজেরা এ সমস্যার সমাধান করি।" আনিসুল হক জানান, সভায় উপস্থিত খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সঠিক দামে পণ্য বিক্রির বিষয়টি নিজেরা তদারকি করার ব্যাপারে একমত হয়েছেন। এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি রুপরেখা নির্ধারণের জন্য রাজধানীর ২৬টি খুচরা ও ৩টি পাইকারি বাজারের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে এফবিসিসিআই। পণ্যের দাম বাড়ানোর ব্যাপারে পাইকারি ব্যবসায়ীদের অভিযুক্ত করে গুলশান উত্তর কাঁচাবাজারের সভাপতি ও খুচরা ব্যবসায়ী মো. আলী বলেন, "পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে আমরা কম দামে পণ্য বিক্রি করতে পারি না। পাইকারি ব্যবসায়ীরা সংশ্লিষ্ট পণ্য কত দামে কিনেছেন তার কোনো হিসাবও দেন না।" নিউ মার্কেটের খুচরা ব্যবসায়ী আবু তাহের বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। কিন্তু পাইকারি বাজার থেকে আমরা কম দামে তেল কিনতে পারছি না। পাঁচ লিটার সয়াবিন তেল ৬০১ টাকায় কিনে তা বিক্রি করতে হচ্ছে ৬০৮ টাকায়। দুধ কোম্পানিগুলো প্রতি মাসে দাম বাড়াচ্ছে। কিন্তু সব দোষ পড়ছে আমাদের ওপর ।" খুচরা বিক্রেতাদের অভিযোগ অস্বীকার করে পাইকারি ব্যবসায়ী, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, "গত কয়েকদিনে তেলের দাম টনপ্রতি এক হাজার টাকা কমেছে। আমি আজ সকালেও (সোমবার) আগের দিনের চেয়ে কম দামে তেল বিক্রি করেছি। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়ছে না।" শ্যামবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, "সরবরাহের ওপর দাম বাড়া-কমা নির্ভর করে। এখন ভারত থেকে পেঁয়াজ আসায় এর দাম কম আছে। তাছাড়া আমরা সবসময়ই খুচরা ব্যবসায়ীদের রশিদ দিয়ে পণ্য বিক্রি করি।" দাম বাড়ানোর জন্য খুচরা ব্যবসায়ীদের দোষারোপ করে অনুষ্ঠানে ফকিরাপুল বাজার সমিতির সাধারন সম্পাদক শওকত হোসেন কামরুল বলেন, "অতিরিক্ত মূল্য আদায় রোধ করতে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করতে হবে। দোকানদাররা তালিকা অনুযায়ী বিক্রি করছে কি না সে ব্যাপারে গতবারের মতো এবারো র‌্যাবকে কাজ করতে হবে।" তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিডিআরের মেজর রওশনুল ফিরোজ বলেন, "সঠিক দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছে কি না তা ঠিক করতে পারে সংশ্লিষ্ট বাজারের সভাপতি-সাধারণ সম্পাদকরাই। এ ব্যাপারে তাদেরই উদ্যোগ নিতে হবে।" এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমদ, এফবিসিসিআই দ্রব্যমূল্য মনিটরিং টাস্কফোর্সের আহ্বায়ক কামালউদ্দিন আহমদ ও অন্যান্য ব্যবসায়ীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এমএইচবি/২১৩১ ঘ.