ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ ও ব্যাংক থেকে ধার করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ।
তিনি বলেছেন, "বিদেশ ও ব্যাংক থেকে চড়া সুদে ধার করে আর যাই হোক দেশের উন্নয়ন করা সম্ভব নয়।"
রোববার সন্ধ্যায় রংপুর চেম্বার ভবনে 'করদাতা উদ্বুদ্ধকরণ' সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
১৫ কোটি মানুষের দেশে মাত্র ২২ লাখ করদাতা রয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, "এদের মধ্যেও মাত্র ৬ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন। তার মধ্যে দেড় লাখই হচ্ছে সরকারি কর্মকর্তা।"
করদাতার সংখ্যাকে দুই কোটিতে উন্নীত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মজিদ বলেন, "সেপ্টেম্বর মাসে দেশের প্রতিটি জেলায় পঁচজন করে করদাতাকে সম্মানিত করা হবে। তারা সিআইপির মতো মর্যাদা পাবেন।"
রংপুর আয়কর অঞ্চলের আয়কর কমিশনার বেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আয়কর আপিল ট্রাইবুনালের সদস্য মাহবুবার রহমান, জেলা প্রশাসক খন্দকার আতিয়ার রহমান, আয়কর অঞ্চলের অতিরিক্ত আয়কর কমিশনার নজরুল ইসলাম ভূঁইয়া, চেম্বার সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে রংপুর ও নীলফামারী জেলার কয়েকজন নতুন আয়কর দাতা রিটার্ন দাখিল করে এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন।
এর আগে সকালে কুড়িগ্রাম ও দুপুরে লালমনিরহাট সফর করেন এনবিআর চেয়ারম্যন।
আমাদের লালমনিরহাট প্রতিনিধি জানান, দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে করদাতাদের উদ্বুদ্ধকরণ সভায় অংশ নেন আবদুল মজিদ।
সেখানে তিনি বলেন, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও একই হারে করদাতা বাড়েনি।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর অঞ্চলের কর কমিশনার বেলাল উদ্দিন।
উদ্বুদ্ধকরণ সভায় জেলার ৪৪ জন নতুন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন।
সকালে কুড়িগ্রাম টাউন হলে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, "প্রতিবছর আমাদের বৈদেশিক ঋণের সুদের কিস্তি পরিশোধ করতে হয় ১৪ হাজার কোটি টাকা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ঢাকায় বসে পরিকল্পনা বানালে লাভ হবে না। জেলা-উপজেলা পর্যায়ে সবার কথা শুনে কাজ করতে হবে।"
জেলা প্রশাসক মো. জালাল উদ্দিনের সভাপতিত্ব এ সভায় আরও বক্তব্য রাখেন- রংপুর কর অঞ্চলের কমিশনার মো. বেলাল উদ্দিন, কুড়িগ্রাম চেম্বারের সহ সভাপতি আব্দুল আজিজ মিয়া ও স্থানীয় ব্যবসায়ী সুব্রত কুমার সেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সভায় সদর উপজেলার ৪৪ জন, ফুলবাড়ির একজন, উলিপুরের চারজন, চিলমারী তিনজন, ভুরুঙ্গামারী তিনজন, রাজারহাটের দুজন, নাগেশ্বরীর ১৯ জনসহ মোট ৭৬ জন নতুন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জেকে/২২২৫ ঘ.
bdnews24