ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিনিয়োগ বোর্ড সদস্যদের নতুন ধ্যান-ধারণা, বাস্তব পরামর্শ ও সময়োপযোগী প্রস্তাবের সন্নিবেশ ঘটানোর পরামর্শ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা শনিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ বোর্ডের ২১তম সভায় এ পরামর্শের আলোকে কৌশলগত পরিকল্পনা সংশোধন করে বোর্ডের পরবর্তী সভায় উপস্থাপনেরও নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. সরওয়ার আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রস্তাবিত কৌশলগত পুনর্বিন্যাস পরিকল্পনার ওপর বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বোর্ডের উন্নয়ন ও সাংগঠনিক কাঠামো যুগোপযোগী করা, বিনিয়োগ সংক্রান্ত আইন ও বিনিয়োগ প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সংশোধন এবং বোর্ডের সামর্থ্য ও দক্ষতা বাড়ানোর বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, পররাষ্ট্্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, এলজিআরডি উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল, বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অধ্যাপক ম. তামিম, মানিক লাল সমাদ্দার, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এমএ মালেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, বিসিআই সভাপতি একে আজাদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/১৯১১ঘ.
bdnews24