২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সৌদি সরকারের ত্রাণের গৃহ নির্মাণসামগ্রী বিতরণ শুরু

সিডরে শরণখোলার সাউথখালী ইউনিয়নের ঘর হারানো মানুষের জন্য সৌদি আরব সরকারের দেওয়া গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

বাগেরহাট, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডরে শরণখোলার সাউথখালী ইউনিয়নের ঘর হারানো মানুষের জন্য সৌদি আরব সরকারের দেওয়া গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। সৌদি সরকার এখানে চার হাজার পরিবারকে একটি করে ঘর তৈরি করার নির্মাণসামগ্রী দেবে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আনসার আলী। রোববার বিকেলে সাউথখালী ইউনিয়ন পরিষদের সামনে দুটি ঘরের মডেল বিতরণের মাধ্যমে গৃহ নির্মাণসামগ্রী বিতরণে কার্যক্রম উদ্বোধন করেন সৌদি সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি আব্দুল্লাহ আব্দুর রহমান আল-দোসাইবি, আব্দুল আজিজ আল আব্দুল হোসেইন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের প্রতিনিধি সোলেইমান আল-হোসাইবি। এ সময় সৌদি প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের পরিচালক মুনসুর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আনসার আলী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সৌদি আরব সরকারের দেওয়া এক হাজার ঘরের নির্মাণ সামগ্রী ইতোমধ্যে সাউথখালীতে পৌঁছে গেছে। বাকি তিন হাজার ঘরের নির্মাণ সামগ্রী ২/৩ দিনের মধ্যে পৌঁছে যাবে বলে সৌদি সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন। আনসার আলী জানান, প্রতিটি পরিবারে ঘর তৈরির জন্য সাড়ে চার বান্ডিল ঢেউটিন, ২১ ঘনফুট মেহগনি কাঠ, ৮টি আরসিসি পিলার দেওয়া হচ্ছে। সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যাম আনোয়ার হোসেন পঞ্চায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাড়ে ৬ হাজার। তিনি বলেন, "সিডরের পর সৌদি প্রতিনিধি দল এসে চার হাজার পরিবারকে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণের আশ্বাস দেয়।" গত বছরের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভেঙে যায় এবং শতশত মানুষের প্রাণহানি ঘটে। ঘরবাড়ি হারানো হাজার হাজার মানুষ রোদ বৃষ্টি ও শীতে খোলা আকাশের নিচে বসবাস করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.