ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পেয়ে বাংলাদেশে ৩০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করেছে ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান টাটা গ্র"প।
বৃহস্পতিবার এই সুপ্রতিষ্ঠিত বৃহৎ শিল্প গোষ্ঠীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এটা পরিষ্কার যে, বাংলাদেশ সরকার নিকট ভবিষ্যতে প্রস্তাবিত প্রকল্পগুলোতে গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই।"
প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি চিঠি দিয়ে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বোর্ডকেও জানিয়ে দিয়েছে টাটা।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে গ্যাসভিত্তিক প্রকল্প করার যে প্রস্তাব টাটা দিয়েছিল সে ব্যাপারে তারা আর পারস্যু করবে না বলে জানিয়ে দিয়েছে।"
তবে ভবিষ্যতে টাটার কয়লাভিত্তিক প্রকল্প প্রস্তাবগুলো নিয়ে ভেবে দেখা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কামালউদ্দিন বলেন, "টাটার প্রস্তাবের বেশিরভাগটাই কয়লাভিত্তিক হওয়ার কথা ছিল। তবে কয়লাভিত্তিক প্রকল্প নিয়ে তাদের সঙ্গে কথা বলার আগে আমাদের কয়লানীতি প্রণয়ন করা দরকার।"
গ্যাস সঙ্কটের কারণে বাংলাদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে নির্বাহী চেয়ারম্যান বলেন, "গ্যাস সঙ্কটের কথা জ্বালানি উপদেষ্টাও বলেছেন। টাটার বিনিয়োগের জন্য প্রচুর গ্যাসের দরকার ছিল, যেটা সরবরাহ করা সম্ভব ছিল না।"
টাটার প্রস্তাব প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখ্তের কাছে 'খুব একটা অপ্রত্যাশিত' ছিল না। তবে তার মতে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের জন্য এটি একটি বড় ব্যর্থতা।
তিনি বলেন, "এ প্রস্তাবের ব্যাপারে আমরা যথেষ্ট কালক্ষেপণ করেছি। আর এ বিষয়টি বিনিয়োগকারীদের সবসময়ই নিরুৎসাহিত করে।"
টাটার প্রস্তাবের ব্যাপারে সরকার এক ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে গেছে মন্তব্য করে জায়েদ বখ্ত বলেন, "পুরো বিষয়টি টাটার কাছেও পরিষ্কারভাবে তুলে ধরা হয়নি। বাংলাদেশের জন্য প্রস্তাবটি খুবই গুরত্বপুর্ণ ছিল কেননা, এর মাধ্যমে আরো বেশি বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হতো। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার অন্য রাজনৈতিক সরকারগুলোর তুলনায় নির্মোহভাবে কাজটি করতে পারত। শেষ পর্যন্ত তারাও পুরোপুরি ব্যর্থ হয়েছে।"
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৪ সালে টাটা বাংলাদেশে দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দেয়। আলোচনা অনেক দূর এগিয়ে যাওয়ার পর টাটা বিনিয়োগের পরিমাণ আরো এক বিলিয়ন ডলার বাড়িয়ে তিন বিলিয়ন ডলার (প্রায় ২১ হাজার কোটি টাকা) করার প্রস্তাব দেয়।
তাদের এ বিশাল বিনিয়োগ প্রস্তাব নিয়ে দেশে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা হয়। দেশে বড় ধরণের কর্মসংস্থান ও শিল্পায়ন হবে এ প্রত্যাশায় ব্যাপক ইতিবাচক সাড়াও পড়েছিল।
টাটার প্রস্তাবে বার্ষিক ২৪ লাখ টন উৎপাদনক্ষম একটি ইস্পাত কারখানা, একটি বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বার্ষিক ১০ লাখ টন উৎপাদনক্ষম একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের কথা ছিল। পরে তারা কয়লা খনি উন্নয়নেরও প্রস্তাব দেয়।
এই প্রস্তাব নিয়ে কিছু মহলের বিরোধিতার মুখে চারদলীয় জোট সরকার একটি বিশেষজ্ঞ কমিটি করে। টাটার প্রস্তাবে 'গ্যাসের দাম কম' উল্লেখ করে ওই কমিটি এ ব্যাপারে নেতিবাচক প্রতিবেদন দেয়। টাটার প্রকল্পে সরবরাহের জন্য গ্যাসের দাম নির্ধারণ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে আলোচনা ভেস্তে যায়।
২০০৬ সালের জুলাইয়ে বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহার করে নেয় টাটা।
চলতি বছরের ফেব্র"য়ারির মাঝামাঝি সময়ে ওই বিনিয়োগ প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় টাটা গ্র"প। এরপর সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আবার এ বিষয়ে আলোচনা শুরু হয়।
গত মে মাসে টাটার প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা বৈঠক করেন। কিন্তু গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত না হওয়ায় বিষয়টি আর এগোয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/আরএইচএন/টিএইচ/জেকে/এসকে/১৯৪১ঘ.
bdnews24