২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দাভরা পুঁজিবাজারে বিনিয়োগে অস্থিরতা

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় শেয়ার বাজারে অস্থিরতা চলছেই। গত সপ্তাহের শেষভাগ এবং চলতি সপ্তাহের শুরুতে বাজারে কিছুটা স্থিতি দেখা গেলেও সোমবার থেকে আবারো মন্দায় হতাশ বিনিয়োগকারীরা। আগের দিনের ধারা বজায় রেখে মঙ্গলবারও দরপতন হয়েছে বাজারে। সার্বিক অবস্থায় তেমন কোনো আশার কথা শোনাতে পারছেন না বাজার বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় শেয়ার বাজারে অস্থিরতা চলছেই। গত সপ্তাহের শেষভাগ এবং চলতি সপ্তাহের শুরুতে বাজারে কিছুটা স্থিতি দেখা গেলেও সোমবার থেকে আবারো মন্দায় হতাশ বিনিয়োগকারীরা। আগের দিনের ধারা বজায় রেখে মঙ্গলবারও দরপতন হয়েছে বাজারে। সার্বিক অবস্থায় তেমন কোনো আশার কথা শোনাতে পারছেন না বাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৭ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৯৭ শতাংশ কমে ২৮২৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৪ দশমিক ৮২ পয়েন্ট বা এক শতাংশ কমে হয়েছে ২৪৪৮ দশমিক ৬৮ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৯ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ কমে ২৬৪৪ দশমিক ০৫ পয়েন্ট হয়। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আনোয়ার সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুচরা বিনিয়োগকারীরাই মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ছিল। তারা মূলত শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ায় দরপতন হয়েছে।" আরেকটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ার বিক্রির ঝোঁক বাজারে আবার সাদামাটাভাব ফিরিয়ে আনছে। বিনিয়োগকারীদের আস্থার অভাবে এমনটি হচ্ছে।" মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টক অ্যান্ড বন্ডের বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের সার্বিক অবস্থা হতাশাব্যঞ্জক। শঙ্কিত বিনিয়োগকারীরা বাজারে বেশিদিন বিনিয়োগ রাখতে চাচ্ছেন না। খুচরা বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি মুনাফার জন্য শেয়ার বিক্রি করে দিচ্ছেন।" দিনশেষে ডিএসইতে ২৯৯ কোটি টাকার ২ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়। আগের দিনের লেনদেনের পরিমাণ ছিল ৩৩৪ কোটি টাকা। এ বাজারে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম ১৯ দশমিক ৭৭ শতাংশ বেড়ে হয়েছে ১১৯ টাকা ৩০ পয়সা। অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যারের শেয়ারের দাম ৩ দশমিক ৭২ শতাংশ কমে ৩৬২৭ টাকা হয়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ১৮ শতাংশ কমে ১১২ টাকা ৪০ পয়সা হয়। স্কয়ার ফার্মার শেয়ার দশমিক ২০ শতাংশ বেড়ে ৪১৪৬ টাকা হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর শেয়ারের দাম এক দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৩৭ টাকা ৫০ পয়সা হয়। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস ও আইসিবি এএমসিএল সেকেন্ড এনবিআর মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। কমেছে বেক্সিমকো ও এসিআইয়ের শেয়ারের দাম। বীমা, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের বড় দরপতনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ৪৮ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার ৬১ লাখ ১১ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৯০টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭১ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে ৮৬১২ দশমিক ১৬ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণির শেয়ার সূচক ৪৮ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে হয়েছে ৫৫৬৫ দশমিক ০৭ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬৩ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ৭৭২৪ দশমিক ৫৮ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২১৯ ঘ.