২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থির পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

টানা অস্থিরতা কাটিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কিছুটা সামলে নিয়েছে পুঁজিবাজার। বৃহস্পতিবার বিনিয়োগকারীদের মধ্যে বেড়েছে শেয়ার কেনার প্রবণতা। লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে এদিন। সবমিলিয়ে সপ্তাহের শেষদিন বাজারে ছিল চাঙ্গাভাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা অস্থিরতা কাটিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কিছুটা সামলে নিয়েছে পুঁজিবাজার। বৃহস্পতিবার বিনিয়োগকারীদের মধ্যে বেড়েছে শেয়ার কেনার প্রবণতা। লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে এদিন। সবমিলিয়ে সপ্তাহের শেষদিন বাজারে ছিল চাঙ্গাভাব। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১০৫ দশমিক ৫৬ পয়েন্ট বা ৩ দশমিক ৮০ শতাংশ বেড়ে ২৮৭৮ দশমিক ০৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭৫ দশমিক ২৩ পয়েন্ট বা ৩ দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে ২৪৯১ দশমিক ৯৩ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৮ দশমিক ২২ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২৬৩৬ দশমিক ১৩ পয়েন্ট হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪২ কোটি টাকার ২ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ১৩৮টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২টির এবং অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান লঙ্কা বাংলা সিকিউরিটিজের এক কর্মকর্তা বলেন, "বিনিয়োগকারীদের শেয়ার কেনার হিড়িকে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আগামী সপ্তাহে নতুন বীমা নীতি ঘোষণা করা হবে এমন গুঞ্জনে বীমা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।" এদিকে চার দিন পর রূপালী ব্যাংকের মাত্র ১০টি শেয়ারের লেনদেন হয়েছে। দিনশেষে ব্যাংকটির শেয়ারের দাম ২৬৮৬ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় বাজার চাঙা হয়েছে। আজকের (বৃহস্পতিবার) লেনদেনে এদের অংশগ্রহণ ছিল প্রায় ৫৫ শতাংশ। খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে।" তবে বাজারের এই চাঙ্গাভাবকে অস্থিতিশীল মনে করছেন অনেক লেনদেনকারী। একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দু-তিন দিনের মধ্যে ডিএসইতে সূচক বেড়েছে ১০০ পয়েন্ট। এতে অনেক বিনিয়োগকারী উৎসাহী হয়ে লেনদেনে অংশ নেবে। অংশগ্রহণ বাড়ার কারণে বাজারে আবার দরপতন হতে পারে। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এসিআইয়ের শেয়ারের দাম দশমিক ৬৮ শতাংশ কমে হয়েছে ৫০৬ টাকা ৪০ পয়সা। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের শেয়ারের দাম ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ২৩১ টাকা ১০ পয়সা হয়। ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ৯১ শতাংশ কমে ৬৩২৮ টাকা ৭৫ পয়সা হয়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১১৫ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। স্কয়ার ফার্মার শেয়ার দশমিক ৪৯ শতাংশ কমে ৪২০৪ টাকা হয়েছে। এছাড়া সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিক্স ও অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যারের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ৫১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার ৫৭ লাখ ৭৫ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৫টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২৮৭ দশমিক ৭৬ পয়েন্ট বা ৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৮৮৩৬ দশমিক ৭৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২০৬ দশমিক ৫৯ পয়েন্ট বা ৩ দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৯২ দশমিক ৩৩ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২২৭ দশমিক ৮২ পয়েন্ট বা ২ দশমিক ৯৮ শতাংশ বেড়ে ৭৮৬৯ দশমিক ১২ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২০৯ ঘ.