ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, বীমা ও বিদ্যুৎ খাতের শেয়ারের ওপর ভর করে রোববার দেশের দুই শেয়ার বাজারে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা বলেন, "এদিন ব্যাংক, বীমা, বিদ্যুৎ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি।"
তবে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রতি আগ্রহ হারানোর কারণে লেনদেন কমছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এইমস বাংলাদেশের প্রধান ও বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ।
তিনি বলেন, "আজকের (রোববার) লেনদেন পরিস্থিতি স্বাভাবিক ছিলো। শেয়ারের কেনা-বেচার হারও ছিল প্রায় সমান। তবে লেনদেনের পরিমাণ কমে যাওয়া থেকে মনে হচ্ছে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আগ্রহ হারাচ্ছেন।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১১ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২৯৯৩ দশমিক ২১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে হয়েছে ২৫৭৭ দশমিক ৪৪ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৫ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৬৩৮ দশমিক ৯৯ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৩ কোটি টাকার এক কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৯২০টি শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবারের লেনদেনের পরিমাণ ছিলো ৩২৭ কোটি টাকা।
এ বাজারে ১২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল নয়টির দাম।
লভ্যাংশ তুলে নেওয়ায় লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৬৯ শতাংশ কমে হয়েছে ১০৪ টাকা ৭০ পয়সা।
স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ২৯ শতাংশ বেড়ে ৫৪২৪ টাকা ৭৫ পয়সা হয়। অ্যাপেক্স আদেলচি ফুটওয়্যারের শেয়ারের দাম ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৪২১৩ টাকা ২৫ পয়সায় পৌঁছায়।
এসিআই এর শেয়ারের দাম ২ দশমিক ৪৬ শতাংশ কমে ৪৫৪ টাকা ৪০ পয়সা হয়। কেয়া কসমেটিক্সের শেয়ারের দাম ৪ দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে ৮৬ টাকা ৯০ পয়সা।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম কমেছে। বেড়েছে বিওসি বাংলাদেশ ও স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪০ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার ৪১ লাখ ১১ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন হয়। আগেরদিনের লেনদেনের পরিমাণ ছিল ৪১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
এ বাজারে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৬টির দাম কমেছে এবং দু'টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১১৬ দশমিক ২৮ পয়েন্ট বা এক দশমিক ২৮ শতাংশ বেড়ে ৯১৭৪ দশমিক ৭০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৯১ দশমিক ৮৫ পয়েন্ট বা এক দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৯১৯ দশমিক ৮০ পয়েন্ট।
এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১০৯ দশমিক ৫১ পয়েন্ট বা এক দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৮১৯৬ দশমিক ২৩ পয়েন্ট হয়েছে০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২১৪০ ঘ.
bdnews24