২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সঙ্কটের আশঙ্কা নেই: অর্থ উপদেষ্টা

বর্তমানে সরকারি গুদামগুলোতে গত বছরের এ সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি খাদ্য মজুদ রয়েছে দাবি করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম জানিয়েছেন, দেশে খাদ্য সঙ্কটের কোনও আশঙ্কা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 10:46 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমানে সরকারি গুদামগুলোতে গত বছরের এ সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি খাদ্য মজুদ রয়েছে দাবি করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম জানিয়েছেন, দেশে খাদ্য সঙ্কটের কোনও আশঙ্কা নেই। তিনি বলেছেন, সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তুলতে ধান-চাল সংগ্রহ অভিযানের পাশাপাশি বিদেশ থেকে খাদ্য আমদানি অব্যাহত রয়েছে। আগামীতে খাদ্য পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সরকারিভাবে এক লাখ টন গম আমদানি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টন গমের দাম পড়বে ৪১৯ মার্কিন ডলার। এ বিষয়ে চারটি দরপত্র জমা পড়েছিল। এর মধ্যে সর্বনিু দরদাতা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। মির্জ্জা আজিজুল বলেন, "আন্তর্জাতিক বাজারে গমের দাম উঠানামা করছে। জুনের মাঝামাঝি সময়ে গমের দাম কিছুটা কম ছিল। গত ৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন গম ৩৬৫ ডলারে বিক্রি হয়েছে। বর্তমানে তা ৪০০ ডলার ছাড়িয়ে গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে এবার গমের উৎপাদন ভালো হয়েছে। তবে অন্য দেশগুলোতে খুব একটা ভালো হয়নি বলে আভাস পাওয়া যাচ্ছে। এ সব বিবেচনায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গমের পর্যাপ্ত মজুদ গড়ে তুলতে এক লাখ টন আমদানির সিদ্ধান্ত হয়েছে।" দেশে বর্তমানে খাদ্য মজুদ গত বছরের এ সময়ের চেয়ে দ্বিগুণের বেশি দাবি করেন আজিজুল ইসলাম। তবে এর পরিমাণ তিনি উল্লেখ করেননি। ধান-চাল সংগ্রহ অভিযানের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "সরকারের ধান-চাল অভিযান সন্তোষজনক। এখন পর্যন্ত ৬ লাখ ১০ হাজার ধান-চাল সংগ্রহ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা ভালোভাবেই পূরণ হবে।" খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের চলমান ধান-চাল সংগ্রহ অভিযানে গত বৃহস্পতিবার পর্যন্ত ৬ লাখ ১১ হাজার টন ধান-চাল গুদামগুলোতে জমা হয়েছে। এছাড়া ১০ লাখ টন কেনার জন্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি হয়েছে। গত বছর এ সময়ে ৫ লাখ ৩২ হাজার ২৯১ টন ধান-চাল গুদামে জমা হয়েছিল এবং ৬ লাখ ১২ হাজার টন কেনার চুক্তি হয়েছিল। এবার সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ টন। এর মধ্যে ১২ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান। গত বছর ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ টন। শনিবারের বৈঠকে ৫৫ হাজার টন মিউরেট অব পটাশ (পটাশ সার) ও ৫০ হাজার টন টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতি টন পটাশ সারের দাম পড়বে এক হাজার ৪৩ দশমিক ৭০ ডলার। আর ৫০ হাজার টন টিএসপি সারের মধ্যে ২৫ হাজার টনের দাম পড়বে এক হাজার ২৯৫ ডলার (চট্টগ্রাম বন্দরে আসবে) এবং বাকি ২৫ হাজার টনের দাম পড়বে এক হাজার ২৯৬ দশমিক ৭৫ ডলার (মংলা বন্দরে আসবে)। চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্ক্যানার মেশিন স্থাপন সংক্রান্ত একটি প্রস্তাবও শনিবারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "এই স্ক্যানার স্থাপনের জন্য এর আগেও একবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু যে প্রতিষ্ঠানের দরপত্র চূড়ান্ত করা হয়েছিল, তাদের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ পাওয়ায় পরবর্তীতে তা বাতিল করে দেয়া হয়। এর পর আবার নতুন করে দরপত্র আহ্বান করা হয়।" এছাড়া বৈঠকে পূর্বাঞ্চল শহর উন্নয়ন প্রকল্পের সড়ক উনন্নয়নের জন্য একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬৩৯ ঘ.