২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসৃজন কর্মসূচির কারণে স্থানীয় পর্যায়ে মূল্যস্ফীতি বাড়বে না: অর্থ উপদেষ্টা

একশ দিনের কর্মসৃজন কর্মসূচির কারণে স্থানীয় পর্যায়ে মূল্যস্ফীতি বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একশ দিনের কর্মসৃজন কর্মসূচির কারণে স্থানীয় পর্যায়ে মূল্যস্ফীতি বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর আরডিইসি মিলনায়তনে '১০০ দিনের কর্মসৃজন: বাস্তবায়নের সুযোগ এবং চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বিশ্বব্যাংক ও বেসরকারি গবেষণা সংস্থা- পিপিআরসি। আজিজুল ইসলাম বলেন, "যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এক এলাকা থেকে অন্য এলাকায় পণ্য পৌঁছাতে তেমন কোনো অসুবিধা নেই। তাই কর্মসূচির অর্থ দরিদ্র মানুষের কাছে যাওয়ার পর তা দিয়ে সহজেই পণ্য কিনতে পারবে তারা। এছাড়া কর্মসৃজন প্রকল্পের জন্য বরাদ্দ দুই হাজার কোটি টাকা। জাতীয় পর্যায়ে চাহিদার সঙ্গে তুলনা করলে এটা খুবই কম। তাই মুল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে স্থানীয় দু-এক জায়গায় মূল্যস্ফীতি হলেও তা সমস্যা সৃষ্টি করবে না।" এ প্রকল্পের মাধ্যমে দরিদ্রের হাতে অর্থ যাওয়ায় পণ্যের যে চাহিদা তৈরি হবে, তার ফলে মুল্যস্ফীতি বেড়ে যেতে পারে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এছাড়া অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও এই প্রকল্প যাতে স্থানীয় মূল্যস্ফীতি বৃদ্ধিতে সহায়ক না হয় সে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান। ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ। সেখানে এই কর্মসূচি সফল হওয়ায় মুল্যস্ফীতি বেড়ে গেছে বলে বুধবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন ভারতের অর্থমন্ত্রীর উপদেষ্টা শুভাশীষ গঙ্গোপাধ্যায়। এর কারণ হিসেবে শুভাশীষ গঙ্গোপাধ্যায় জানান, তৃণমূল পর্যায়ের মানুষের হাতে অর্থ পৌঁছলেও সেই অনুপাতে পণ্য না পৌঁছানোয় মূল্যস্ফীতি বেড়েছে। কারণ ভারতে ফেডারেল সরকার হওয়ায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পৌঁছাতে অসুবিধা হয়। তবে বাংলাদেশে এ সমস্যা হওয়ার কথা নয়। কর্মসৃজন কর্মসূচির আওতায় চলতি অর্থবছর ২০ লাখের বেশি দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। দুই হাজার কোটি টাকার এ কর্মসূচিতে দেশের মঙ্গা, হাওর-বাওর ও নদী ভাঙনসহ দরিদ্র অঞ্চলগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এর আওতায় প্রত্যেক শ্রমিককে দিনের মজুরি হিসেবে দেয়া হবে ১০০ টাকা। কাজ দিতে না পারলেও পরিবারের ব্যয় নির্বাহের জন্য তাদের নির্দিষ্ট অঙ্কের টাকা দেবে সরকার। কর্মসূচির আওতায় কি ধরনের কাজ দেওয়া হবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, "গ্রামীণ রাস্তাঘাট, সরকারি পতিত জমি কাজে লাগানো, সবজি চাষ, পুকুর খনন ও সংস্কারসহ নানা ধরণের প্রকল্প বাস্তবায়ন করা হবে।" আজিজুল ইসলাম বলেন, "এ কর্মসূচির কারণে শ্রম বাজারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। শ্রম বাজার যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সে বিসয়টি মাথায় রেখেই আমরা মজুরি নির্ধারণ করেছি।" তিনি বলেন, "এ কর্মসূচি বাস্তবায়ন তেমন একটা সমস্যা হবে না। কারণ সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বেশ কিছুদিন ধরেই বাস্তবায়ন করছে বাংলাদেশ। সমন্বয়ের অভাব যাতে না হয় সেজন্য আন্তঃমন্ত্রণালয় প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং কমিটি করা হবে এবং এনজিও প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হবে।" এছাড়া স্থানীয় ও উপজেলা নির্বাচনও কর্মসূচি বাস্তবায়নে খুব একটা প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন আজিজুল ইসলাম। তবে কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে লোকবলের সমস্যার কথা উল্লেখ করে উন্নয়ন সমুন্নয়ের চেয়ারম্যান আতিউর রহমান বলেন, "ইউনিয়ন পরিষদে একজন সচিব থাকে। তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আরো লোকবল দরকার।" কর্মসূচি বাস্তবায়নে তথ্য অধিকার আইন কার্যকর করা এবং গণমাধ্যম ও এনজিওদের নিয়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। পণ্যের দাম বাড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "দ্রব্যমূল্য কমাতে বিভিন্ন পণ্যের ওপর থেকে শুল্কহার কমানো হয়েছে এবং উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন উপকরণের মূল্য সংযোজন কর হ্রাস করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "আসন্ন রোজার জন্য আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু কিছু পণ্য বিশেষভাবে সরবরাহের জন্য টিসিবি ও বিডিআরকে দায়িত্ব দেওয়া হচ্ছে।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সৈয়দ এম হাশমি, গ্রামীণ ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক দীপাল সি বড়