২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি খাতে শুল্ক হার ও ভ্যাট কমানোর দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের

চট্টগ্রামের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে শুল্ক হার ও ভ্যাট কমানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনেরও দাবি জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ব্যবসায়ীরা বিভিন্ন খাতে শুল্ক হার ও ভ্যাট কমানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনেরও দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্যবসায়ীরা এসব দাবি জানান। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিলে তাতে কলমানি রেট বাড়বে। এতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীদের এসব দাবি পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, "বিদেশের কাছ থেকে কঠোর শর্ত ও চড়া সুদে ঋণ নেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে রাজস্ব আদায়ের হার বাড়াতে হবে। দেশের অর্থনীতিকে বড় হতে দিতে হবে এবং শুধুমাত্র তা হলেই কর, শুল্ক ও ভ্যাটের ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব হবে।" চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে ব্যবসায়ীরা অপচয় রোধ করে ব্যয় কমানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। চেম্বার পরিচালক আমীরুল হক বলেন, "সরকার ঘাটতি বাজেটের ৩০ হাজার কোটি টাকা ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিলে কল মানি রেট বেড়ে যাবে। এতে ব্যবসা বাণিজ্যসহ বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়বে।" তিনি সরকারকে এ বিষয়টি ভেবে দেখার আহবান জানান। আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ক ভবনের দীর্ঘসূত্রতা কমানোর জন্য জনবল বাড়ানোর উদ্যোগ নিতে আহবান জানান আমীরুল হক। মতবিনিময় সভায় চেম্বারের সাবেক সভাপতি আলী আহমদ বলেন, "সরকারের অপচয় সংকোচন করে ব্যয় কমানোর কোন প্রতিফলন এ বাজেটে নেই। অথচ সরকারের এমন অনেক খাত আছে যেখানে অপচয় কমিয়ে অন্য ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব।" তিনি মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে জটিলতা কমানোর দাবি জানান। চেম্বার পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী দেশে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দেন এবং প্রবাসীদের কাছ থেকে অর্জিত অর্থ শিল্পে বিনিয়োগের উদ্যোগ নেওয়ার আহবান জানান। এছাড়া মতবিনিময় সভায় দেশীয় রেস্তোরাঁর ক্ষেত্রে ধার্য মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়ে ৩ শতাংশ, মাছ ও হাঁস-মুরগির খাদ্য আমদানির ক্ষেত্রে আরোপিত ৭ শতাংশ শুল্ক কমিয়ে শূন্য শতাংশ করাসহ আরও বেশ কিছু দাবি উত্থাপন করেন ব্যবসায়ীরা। এনবিআর চেয়ারম্যান বলেন, "চলতি অর্থ বছরের বাজেট ঘাটতির ৩০ হাজার কোটি টাকা কোনভাবেই ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ হিসেবে নেওয়া হবে না। ব্যাংকগুলো থেকে ধার নেওয়ার পরিমাণ সর্বোচ্চ ১৩ হাজার কোটি টাকা হতে পারে।" তিনি আরও বলেন, "ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিমাণ কমবে যদি রাজস্ব আয়সহ অন্যান্য খাত থেকে সরকারের আয় বাড়ে।" সরকার ব্যয় কমানোর বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান। তবে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা তিনি জানাননি। আবদুল মজিদ বলেন, চলতি বাজেটে সরকারকে ১৪ হাজার কোটি টাকা সুদের কিস্তি পরিশোধ করতে হবে। এর মধ্যে ১০ শতাংশ দিতে হবে বিদেশি ব্যাংকগুলোকে। গাড়ি খালাসের ক্ষেত্রে শুল্ক কর্মকর্তাদের দীর্ঘসূত্রতা সংক্রান্ত ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "হঠাৎ করে তিন/চারগুণ গাড়ি আমদানির বিষয়টিও প্রশ্নের সম্মুখীন। এতে করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যাবে। উঠতি অর্থনীতি কিছু প্রথা ও শর্ত মেনে চলে। আকস্মিকভাবে তা বাধাগ্রস্ত হলে তা মানিয়ে নেওয়া কঠিন।" প্রাক জাহাজীকরণ নজরদারি প্রক্রিয়া (পিএসআই) বাতিল সংক্রান্ত দাবির জবাবে তিনি বলেন, বিশেষ প্রাসঙ্গিক অবস্থায় পিএসআই চালু করা হয়েছিল। এর সুফল ও কুফল দুইই আছে। বর্তমানে প্রযুক্তিগত ও কৌশলগত অসুবিধা থাকায় তা চালু রাখা হয়েছে। তবে উভয়ক্ষেত্রে সক্ষমতা বাড়লে এ বিষয়টি পুনবিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- চেম্বারের সাবেক সভাপতি প্রকৌশলী আলী আহমদ, বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজউদ্দিন আহমদ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসাইন, চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি আহমেদ দাউদ, রেস্তোরাঁ মালিক সমিতির আব্দুল গফুর ছগীর, বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সহ-সভাপতি শওকত আলী, পাদুকা মালিক সমিতির সভাপতি এম এ ছবুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৩৮ ঘ.