ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) থেকে অর্জিত আয়ে কর অব্যাহতি দেয়া হয়েছে। এর ফলে ডিপিএস থেকে গ্রাহকরা যে সুদ বা মুনাফা পাবেন তা থেকে কোনো ধরনের উৎসে আয়কর কাটা হবে না।
ডিপিএস থেকে অর্জিত আয় কর্তনের বিধান বিলোপের জন্য রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়কর অধ্যাদেশ সংশোধন করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বিষয়টি সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সঞ্চয়কে উৎসাহিত করতে ডিপিএসের উপর অর্জিত আয় থেকে কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতোদিন ডিপিএস থেকে পাওয়া লাভ থেকে উৎসে কর কেটে রাখা হতো। আয়কর অধ্যাদেশ সংশোধনের ফলে এখন আর তা কাটা হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24