ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য জরিমানা ছাড়া অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার ব্যবসায়ীদের দাবি নাকচ করে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চোয়ারম্যান (এনবিআর) মোহাম্মদ আবদুল মজিদ।
তিনি বলেছেন, "সরকার অনেক বিচার বিশ্লেষণ করে সাত শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিয়েছে। বিনিয়োগ বা অন্য যাই করা হোক না কেন জরিমানা ছাড়া অপ্রদর্শিত আয় বৈধের সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না।"
সেগুন বাগিচার এনবিআর মিলনায়তনে রোববার দুপুরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, "ডিসেম্বরের জাতীয় নির্বাচনের কারণে নতুন অর্থবছরে (২০০৮-০৯) রাজস্ব আদায়ের পরিমাণ কমবে না, উল্টো বাড়বে। কারণ অনেক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণের জন্য কর পরিশোধ করবে। সে কারণে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে। রাজস্ব আদায় বাড়াতে এই প্রথম উপজেলা পর্যায় থেকে সরাসরি কর আদায়ের ব্যবস্থা করা হচ্ছে।"
প্রস্তাবিত বাজেটে নির্ধারিত আয়করের সঙ্গে অতিরিক্ত সাত শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, "তবে যাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে ও এ সংক্রান্ত মামলা বিচারাধীন তারা এ সুযোগ পাবেন না। এনবিআর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।"
তিনি জানান, রাজস্ব আয় বাড়াতে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়নি। আয়কর অধ্যাদেশে যেসব করদাতা তাদের বৈধভাবে অর্জিত আয় এতোদিন কর দিয়ে বৈধ করেননি তাদের জন্যই এ সুযোগ রয়েছে। সে বিধান মেনেই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে।
উপজেলা পর্যন্ত রাজস্ব আদায়ের আওতা স
bdnews24