ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্ব আয়ের ক্ষেত্রে মূল্যসংযোজন করের (ভ্যাট) ওপর অতি নির্ভরশীলতার কারণে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ।
বৃহষ্পতিবার বিকেলে ঢাকা চেম্বার মিলনায়তনে ২০০৮-০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হোসেন খালেদ বলেন, "অর্থ উপদেষ্টা আগামী অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন তাতে রাজস্ব আয়ের এক তৃতীয়াংশ ভ্যাট থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর প্রভাবে স্থানীয় পণ্যের দাম বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি আরও বাড়বে। সার্বিকভাবে সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যাহত হবে।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নতুন বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
নতুন বাজেটে চার মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হলেও খুব একটা সাড়া পাওয়া যাবে না বলে মনে করেন ডিসিসিআই সভাপতি।
তিনি বলেন, "বিদায়ী অর্থ বছরে বৈধ করা অপ্রদর্শিত আয় থেকে সরকারের কোষাগারে মোটা টাকা জমা পড়েছে। নতুন অর্থবছরে অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে জরিমানার হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হলেও খুব বেশি রাজস্ব আদায় হবে না।"
এর কারণ ব্যাখ্যা করে হোসেন খালেদ বলেন, "দুর্নীতি বিরোধী অভিযানের ভয়ে গত বছরের শেষ ভাগে অনেকেই অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাজেটে চার মাসের জন্য (১ জুলাই থেকে ৩১ অক্টোবর) অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে দেশে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনের পর রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। তখন আর অপ্রদর্শিত আয় নিয়ে কোনো সমস্যা থাকবে না- এই আশায় এবার অনেকেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার আগ্রহ দেখাবে না।"
এ পরিস্থিতিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উৎপাদনশীল খাতে জরিমানা ছাড়া অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24