ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বাজেটে এলাকাভিত্তিক কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মর্জ্জিা আজিজুল ইসলাম।
সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন,
আগামী ৩০ জুন কর অবকাশ সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পেক্ষাপটে দেশে শিল্পায়নকে উৎসাহিত করতে এ প্রস্তাব করা হলো।
প্রস্তাবে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত দেশে যে সব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে সেগুলো কর অবকাশ সুবিধা পাবে।
এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা ছাড়া) স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম দুই বছর আয়ের ১০০ ভাগ করমুক্ত সুবিধা দেয়া হবে। পরবর্তী দুই বছর আয়ের ৫০ শতাংশ এবং পরের এক বছর আয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ করমুক্ত সুবিধা পাবে ওইসব প্রতিষ্ঠান।
এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল বিভাগ এবং তিন পার্বত্য জেলায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম তিন বছর আয়ের ১০০ শতাংশ, পরবর্তী দুই বছর আয়ের ৫০ শতাংশ এবং এর পরের এক বছর আয়ের ২৫ শতাংশ করমুক্ত সুবিধা দেয়া হবে।
প্রস্তাবে কর অবকাশের বিদ্যমান খাতগুলো বহাল রেখে এগ্রোপ্রসেসিং, ডায়মন্ড কাটিং, বিলেট থেকে স্টিল উৎপাদন, পাটশিল্প, বস্ত্রখাতের বিভিন্ন ইউনিট, পাতালরেল, মনোরেল এবং মোবাইল ফোন ব্যাতিত টেলিযোগাযোগ অবকাঠামোকে কর অবকাশ সুবিধার অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, "কর অবকাশ সুবিধা উদ্যোক্তাদের শিল্প স্থাপনে উৎসাহিত করে বলা হলেও শিল্প স্থাপনের ক্ষেত্রে কর অবকাশ সুবিধাই একমাত্র বিবেচ্য বিষয় নয়। তারপরও শিল্পায়নকে উৎসাহিত করার জন্য ভিন্ন আঙ্গিকে ২০০৮ এর ১ জুলাই থেকে ২০১১ এর ৩০ জুন পর্যন্ত কর অবকাশ সুবিধা বহাল রাখার প্রস্তাব করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২৩৫৭ ঘ.
bdnews24