২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে ইটিপি না বসালে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা: দেবাশীষ রায়

শিল্প কারখানাগুলোতে আগামী ৩০ জুনের মধ্যে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প কারখানাগুলোতে আগামী ৩০ জুনের মধ্যে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায়। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেবাশীষ রায় বলেন, শিল্প-কারখানাগুলো নিজেরাই ইটিপি স্থাপনের অঙ্গীকার করেছিল। এ কারণে তাদের সময়ও দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে ইটিপি স্থাপন না করলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, ইটিপি না থাকলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, তরল বর্জ্যরে মাধ্যমে নদীর পানি দূষণের জন্য দায়ী কারখানাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। ইটিপি না থাকায় ইতোমধ্যে চারটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাশেদুল হক সংবাদ সম্মেলনে জানান, দেশের প্রায় তিন হাজার শিল্প কারখানার মধ্যে এ পর্যন্ত ৬৯৫টি পরিদর্শন করা হয়েছে। এসব কারখানার মধ্যে মাত্র ১২০টিতে ইটিপি রয়েছে; তার মধ্যে ২৭টি আবার পরিদর্শনের সময় বন্ধ ছিল। তবে ৩৯টি কারখানায় ইটিপি স্থাপনের কাজ চলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকার দুদিনব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বের করা হবে একটি শোভাযাত্রা। সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তন চত্বরে শুরু হবে দুই দিনের পরিবেশ মেলা। একই সময়ে শিশু একাডেমীতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া বেতার ও টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন সচিব এ এইচ এম রেজাউল কবির ও পরিবেশ অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.