২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল আমদানির জন্য আইডিবির ঋণ দ্বিগুণের অনুরোধ করবে সরকার

জ্বালানি তেল আমদানিতে অভ্যন্তরীণ অর্থের চাপ কমাতে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক ঋণ দ্বিগুণ করার অনুরোধ জানাবে সরকার। একই সঙ্গে আইডিবির ঋণের কিস্তি ৫ কোটি ডলার থেকে বাড়িয়ে ১০ কোটি ডলার করার প্রস্তাবও দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল আমদানিতে অভ্যন্তরীণ অর্থের চাপ কমাতে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক ঋণ দ্বিগুণ করার অনুরোধ জানাবে সরকার। একই সঙ্গে আইডিবির ঋণের কিস্তি ৫ কোটি ডলার থেকে বাড়িয়ে ১০ কোটি ডলার করার প্রস্তাবও দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জ্বালানি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা জানান, আইডিবির বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি বুধবার জেদ্দা যাচ্ছেন। ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দেওয়া হবে। মির্জ্জা আজিজুল বলেন, "এতদিন আইডিবি প্রতি বছর জ্বালানি তেল আমদনির জন্য বাংলাদেশকে এক বিলিয়ন (১০০ কোটি) ডলার ঋণ দিত। আমরা তা বাড়িয়ে দুই বিলিয়ন করার প্রস্তাব করব।" আন্তর্জাতিক বাজারে জ্বালাীন তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এ প্রস্তাবে আইডিবির সাড়া মিলবে বলে আশা করছেন উপদেষ্টা। তিনি আরও বলেন, "আইডিবি এতদিন বাংলাদেশকে প্রতি কিস্তিতে ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার করে ঋণ দিত। আমরা তা বাড়িয়ে ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার করার অনুরোধ জানাব।" উপদেষ্টা বলেন, "আইডিবি জ্বালানি তেল আমদানি খাতে বার্ষিক ঋণের পরিমাণ ১ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২ বিলিয়ন ডলার করলে তেল আমদানি খাতে সরকারের (কেন্দ্রীয় ব্যাংকের) বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে চাপ বাড়ছে তা কিছুটা কমবে।" দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে মির্জ্জা আাজিজুল বলেন, "সরকার এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে আপনারা তা জানতে পারবেন।" অর্থ উপদেষ্টা আরও জানান, আইডিবির কাছ থেকে জরুরি ভিত্তিতে ২০০ মিলিয়ন ডলার (২০ কোটি ডলার) ঋণ নিচ্ছে সরকার। এ ঋণের জন্য আইডিবিকে লন্ডন ইন্টার ব্যাংক অর্ফাড রেটের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৭৫ শতাংশ সুদ দিতে হবে। সবমিলিয়ে এ ঋণের সুদের হার ৪ শতাংশের সামান্য বেশি পড়বে। তিনি বলেন, "আইডিবি প্রথমে এ রেটে ঋণ দিতে রাজি হচ্ছিল না। তারা শর্ত দিয়েছিল, লাইবর রেটের সঙ্গে এমন রেট দিতে হবে যাতে কোনও অবস্থাতেই মোট সুদের হার ৫ দশমিক ৫ শতাংশের কম না হয়। এখন তারা লাইবর রেটের সঙ্গে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ দিতে রাজি হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএস/এমআই/১৯০৫ ঘ.